Accident

গাড়ি শেখার সময় দুর্ঘটনা, কেষ্টপুরের পুকুরে পড়ে মৃত্যু গৃহবধূর

পুলিশের প্রাথমিক অনুমান, ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে পা পড়ে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গিয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় গাড়ি থেকে গৃহবধূ সুমিত্রা দাসের দেহ উদ্ধার করে পুলিশ ও দমকল

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ আগস্ট ২০২৬ ০৫:০৪

গাড়ি চালানো শেখার সময় বিপত্তি। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক গৃহবধূর মৃত্যু হল। বুধবার সকালে কেষ্টপুরের প্রফুল্ল কানন এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম সুমিত্রা দাস। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে গাড়িটি উদ্ধার করে দমকল এবং বাগুইআটি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুমিত্রা কেষ্টপুরের প্রফুল্ল কাননের বাসিন্দা। এ দিন সকালে মেয়েকে তিনি স্কুটিতে করে স্কুলে পৌঁছে দেন। এরপর স্কুটিটি বাড়িতে রেখে স্বামী কৃষ্ণেন্দু দাসের কেনা নতুন গাড়ি নিয়ে বেরিয়েছিলেন সুমিত্রা। গাড়ি চালানোর লাইসেন্স এখনও তাঁর হাতে আসেনি। আগামী ২২ অগাস্ট লাইসেন্সের পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবেই এ দিন গাড়ি নিয়ে তিনি বেরিয়েছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় আচমকাই ব্রেকের পরিবর্তে অ্যাক্সিলারেটরে সুমিত্রার পা পড়ে যায়। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত এগিয়ে গিয়ে কেষ্টপুরের একটি পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছোয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর মাঝ-পুকুর থেকে গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়। গাড়ির ভিতর থেকেই উদ্ধারকারীরা সুমিত্রার দেহ উদ্ধার করেন।

পুলিশের দাবি, শেষ মুহূর্তে বাঁচার জন্য সুমিত্রা আপ্রাণ চেষ্টা করেছিলেন। গাড়ি উদ্ধারের পর দেখা যায়, তাঁর মুখ ছিল পিছনের দরজার দিকে এবং পা ছিল স্টিয়ারিংয়ের কাছে। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।


Share