Suvendu Adhikari

'৪ হাজার টাকা চেয়েছিলেন, লাঠি খেয়েছিলেন', তৃণমূলকে কটাক্ষ মুখ‍্যমন্ত্রীর, আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ল পাঁচ হাজার টাকা

বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১১:৩৬

'প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে চার হাজার টাকা চেয়েছিলেন, লাঠি মেরেছিল', বাজেট ঘোষণার পর এভাবেই বিরোধীদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য বাজেটে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় আর্থিক সুবিধার ঘোষণা করে বিজেপি সরকার।

বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি মিড-ডে মিলের রাঁধুনিদের ভাতাও এক হাজার টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে।

বাজেট ঘোষণার পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আশাকর্মীদের আশাদিদি বোনেরা আশা করি খুশি হয়েছেন। ৫০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে মাসিক বেতনে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ৪ হাজার টাকা চেয়েছিলেন, লাঠি মেরেছিল। বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হয়নি, আপনারা না চাইতেই পেয়েছেন।'

এরপর আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা অনেক কাজ করেন। স্বাস্থ্য ক্ষেত্রটিকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। আইসিডিএস-এর দিদিরা ও হেল্পাররা নিজেদের সেন্টার চালানোর পাশাপাশি আরও বহু দায়িত্ব পালন করেন। আপনাদের জন্য তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধীরে ধীরে আরও করব। এ বার পাঁচ হাজার টাকা বৃদ্ধি করতে পেরেছি।"

উল্লেখ্য, সমকাজে সমবেতন-সহ ১০ দফা দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিলেন অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা। সল্টলেকের শৈশালি ভবনের সামনে একাধিকবার বিক্ষোভও হয়েছিল। তাঁদের দাবি ছিল, "ভিক্ষা নয়, সম্মান চাই"।

বাজেটের এই ঘোষণার পর খুশি আশা কর্মীদের একাংশ। তাঁদের বক্তব্য, তাঁরা মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় অত্যন্ত খুশি হয়েছেন। দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়েছিলেন। তাঁদেরও সংসার চালাতে হয়। আগের সরকার মুখে অনেক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছু করেনি। কিন্তু এই সরকার ক্ষমতায় এসেই এই সিদ্ধান্ত নিয়েছে। এতে তাঁদের অনেক উপকার হবে। আগামী দিনে আরও সুযোগ-সুবিধা দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাস্থ্য ও শিশু উন্নয়ন ব্যবস্থার সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মী সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।


Share