Abhishek Banarjee

‘মিডিয়া ট্রায়াল’-এর অভিযোগে অভিষেকের মামলা, জরুরি শুনানিতে নারাজ হাই কোর্ট

তবে তাঁর সেই মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না আদালত। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এখনই মামলাটির শুনানি সম্ভব নয়। আগামী ডিসেম্বর মাসের তালিকায় মামলাটি রাখা যেতে পারে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ০৩:০১

ব্যক্তিগত তথ্য ও তদন্ত সংক্রান্ত খবর সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর সেই মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না আদালত। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এখনই মামলাটির শুনানি সম্ভব নয়। আগামী ডিসেম্বর মাসের তালিকায় মামলাটি রাখা যেতে পারে।

এ দিন অভিষেকের আইনজীবী মামলাটির দ্রুত শুনানির আর্জি জানান। তাঁর দাবি, তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় ‘মিডিয়া ট্রায়াল’ চলছে। এর আগে বিচারপতি কৃষ্ণ রাও মামলাটি ছেড়ে দিয়েছিলেন। তবে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে মামলাটি খারিজ করা হবে না। উপযুক্ত বেঞ্চে এর শুনানি হবে। সেই সূত্রেই মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আসে।

অভিষেকের অভিযোগ, তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের সময় তাঁকে কী কী প্রশ্ন করা হচ্ছে, সেই তথ্য পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। গত ১১ জুন ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের সময় তাঁকে করা প্রশ্নগুলিও সংবাদমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ। রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক অভিযোগের তদন্তে কখনও পুলিশের, কখনও সিআইডির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে আদালতে অভিষেকের আইনজীবী অভিযোগ করেছিলেন, তদন্তের বিষয়ে সংবাদমাধ্যমে অনুমাননির্ভর ও চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। এমনকি তাঁর মক্কেলের বিদেশযাত্রা, ব্যক্তিগত জীবন ও বৈবাহিক জীবন নিয়েও এমন কিছু খবর প্রকাশিত হয়েছে, যা মামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। আইনজীবীর দাবি, এই ধরনের প্রতিবেদন অভিষেকের ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা ও সুনামের অধিকার লঙ্ঘন করছে।


Share