Special Intensive Rivision

এসআইআর ট্রাইবুনাল ছাড়লেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা শিবজ্ঞানমের

নির্বাচন কমিশন সূত্রে খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত যে তিন সদস্যের কমিটি ট্রাইবুনালের কার্যপদ্ধতি নির্ধারণ করছিল, সেই কমিটিরও সদস্য ছিলেন তিনি।

কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি টি এস শিবজ্ঞানম
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৭:৪৭

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত ট্রাইবুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। নির্বাচন কমিশন সূত্রে খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত যে তিন সদস্যের কমিটি ট্রাইবুনালের কার্যপদ্ধতি নির্ধারণ করছিল, সেই কমিটিরও সদস্য ছিলেন তিনি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের পুনরায় আবেদন করার সুযোগ দিতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই ট্রাইবুনালে মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি ছিলেন, তাঁদের অন্যতম ছিলেন টি এস শিবজ্ঞানম।

ট্রাইবুনালে আবেদন নিষ্পত্তির পদ্ধতি নির্ধারণের জন্য কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সুপ্রিম কোর্টের নির্দেশে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। ওই কমিটিতে টি এস শিবজ্ঞানম ছাড়াও ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ্ত রায় এবং প্রণবকুমার দেব।

বাদ পড়া ভোটারদের আবেদন শোনার জন্য জোকার ডায়মন্ড হারবার রোডে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ভবনে ট্রাইবুনালের দফতর তৈরি করা হয়েছিল। সেখানে আপিল শুনানির দায়িত্বে ছিলেন টি এস শিবজ্ঞানম। যাঁদের আবেদন গ্রহণ করা হতো, তাঁদের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছিল।

সংবিধানের ১৪২ ধারার ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, প্রথম দফার ১৫২টি আসনে ভোটের আগে ২১ এপ্রিল পর্যন্ত যাঁদের আবেদন গৃহীত হবে, তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় তোলা হবে। দ্বিতীয় দফার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর ছিল।


Share