Suvendu Adhikari

বিজেপি সরকারের প্রথম কর্মদিবস বসছে নবান্নে, পরপর তিনটি হাই ভোল্টেজ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শনিবার শপথগ্রহণের পরেই ময়দানের পিডব্লুউডি টেন্টে একপ্রস্থ বৈঠক সেরে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে রাজ‍্যের মুখ‍্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ উপস্থিত ছিলেন।

রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১১:৪৫

বিজেপি সরকারের শপথগ্রহণের দিনই পরিকল্পনা বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করতে চান তিনি। সেই লক্ষ‍্যকে সামনে রেখে নবান্নে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম দিনেই তিনটি বৈঠক করবেন তিনি। বেলা ১২টায় তাঁর নেতৃত্বে হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক।

শনিবার সকালে রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার থেকেই তিনি রাজ‍্যপাঠের হাত দিতে চলেছেন। সোমবারই এই সরকারের প্রথম কর্মদিবস। জানা গিয়েছে, তিনি প্রথমে মন্ত্রিসভার বৈঠক করবেন। শনিবারের ব্রিগেডের মঞ্চ থেকে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক এবং অশোক কীর্তনিয়া রাজ‍্যের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তবে তাঁদের এখনও দফতর বন্টন করা হয়নি। তাই কালকের বৈঠকের পরে তাঁদের দফতর বন্টন করে দেওয়া হবে। শনিবার সন্ধ্যায় এমনই বলেছিলেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এর পরের বৈঠকটি হবে সমস্ত জেলার জেলাশাসক, মহকুমাশাসকদের নিয়ে। সূত্রের খবর, বিভিন্ন জেলার কী পরিস্থিতি বর্তমানে হয়ে রয়েছে তা নিয়ে বিস্তারিত জানতে চাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানের পরিস্থিতি মুখ‍্যমন্ত্রীকে অবগত করবেন তাঁরা। পরের এবং দিনের শেষ বৈঠকটি হবে রাজ‍্য এবং কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে। জানা গিয়েছে, এই বৈঠকে রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ, সমস্ত অতিরিক্ত ডিজি, সব কমিশনারেটের কমিশনার, সমস্ত রেঞ্জের আইজি এবং ডিআইজি, সমস্ত জেলা পুলিশের সুপার এবং রেলপুলিশের কর্তাদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকটি হাওয়ার কথা রয়েছে বিকেল ৫টায়।

শনিবার শপথগ্রহণের পরেই ময়দানের পিডব্লুউডি টেন্টে একপ্রস্থ বৈঠক সেরে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে রাজ‍্যের মুখ‍্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকের পরেই প্রশাসনের রদবদল সামনে এসেছিল। ওই দিনই কার্যত ‘ছক্কা’ হাঁকিয়ে বল প‍্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছিলেন মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সরকারি কর্মচারী সংগঠনের নেতা প্রতাপকুমার নায়েককে দার্জিলিঙে বদলি করে দিয়েছে রাজ্য সরকার। তাঁর বিরুদ্ধে, টাকা নিয়ে সরকারি কর্মীদের বদলি করার অভিযোগ রয়েছে। একাধিক প্রাক্তন মন্ত্রীদের ব‍্যক্তিগত সচিবকে দফতরের কাজে পাঠানো হয়েছে। বেশ কিছু সরকারি আধিকারিককে মুখ্যমন্ত্রীর দফতরে আনা হয়েছে।

আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা করা হয়েছে রাজ‍্যের সবচেয়ে চর্চিত প্রাক্তন আমলা সুব্রত গুপ্তকে। তিনি রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর সময় নির্বাচন কমিশনের বিশেষ তালিকা পর্যবেক্ষক ছিলেন। পরে বিধানসভা নির্বাচনের সময় কমিশন তাঁকে স্পেশাল অবজার্ভার করা হয়। এ ছাড়াও, মুখ্যমন্ত্রীর ব‍্যক্তিগত সচিব করা হয়েছে ২০১৭ ব‍্যাচের আইএএস অফিসার শান্তনু বালাকে।

৩৪ বছরের সিপিএম শাসন এবং ১৫ বছরের তৃণমূল শাসনে ‘ঘুন ধরে যাওয়া’ প্রসাশনকে আগে ঢেলে সাজাতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকারের মন্ত্রীসভার বৈঠক থেকে প্রশাসনিক বৈঠক তাই অত‍্যন্ত গুরত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই বৈঠকের পরে প্রসাশনিক রদবদলের সম্ভাবনা রয়েছে বলেও মনে করা হচ্ছে।

বিজেপি সূত্রের খবর, রাজ‍্য সরকারের কাজে হাত দেওয়ার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের বৈঠক করবেন। সকাল ৯টা থেকে সল্টলেকে বিজেপির দফতরে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। তার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাবেন নবান্নে।


Share