Kolkata Municipal Corporation

আগামী ৩১ জানুয়ারি গার্ডেনরিচ, টালিগঞ্জ- সহ এলাকায় পানীয় জল পরিষেবা বন্ধ, পুর অধিবেশনে জানালেন মেয়র

এ দিন মেয়র জানান, গার্ডেনরিচ জলপ্রকল্পের আওতাধীন যে সমস্ত বুস্টার পাম্পিং স্টেশন আছে, সেগুলিতে কাজ চলবে। তাই পানীয় জল সরবরাহ সাময়িক ভাবে বন্ধ থাকবে।

মেয়র ফিরহাদ হাকিম
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৪:৪৯

বেহালা, টালিগঞ্জ-সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে আগামী ৩১ জানুয়ারি পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। বৃহস্পতিবার পুরসভার মাসিক অধিবেশনে এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম। একাধিক পাম্পিং স্টেশনে কাজ চলবে। তার জন্য এ দিন দুপুর ও বিকেলে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এ দিন মেয়র জানান, গার্ডেনরিচ জলপ্রকল্পের আওতাধীন যে সমস্ত বুস্টার পাম্পিং স্টেশন আছে, সেগুলিতে কাজ চলবে। তাই পানীয় জল সরবরাহ সাময়িক ভাবে বন্ধ থাকবে। ওই সমস্ত পাম্পিং স্টেশন থেকে জল যায় গার্ডেনরিচের বিস্তীর্ণ অংশ যেমন - কালীঘাট, রানীকুঠি, গড়ফা, চেতলা, গলফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিতি, দাসপাড়া, বাঁশদ্রোণী, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াব্রুজ, শকুন্তলা পার্ক এলাকা গুলিতে এর প্রভাব পড়বে। কলকাতা পুরসভার ৮, ১০, ১২, ১৪, ১৬ নম্বর বোরোতে জল পরিষেবা বন্ধ থাকবে। 

ওই দিন অর্থাৎ শনিবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত পানীয় জল সরবরাহ করা হবে। তারপর থেকে আর পানীয় জল সরবরাহ করা হবে না। তবে রবিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি সকাল থেকে স্বাভাবিক জল সরবরাহ পুনরায় শুরু হবে।

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, গার্ডেনরিচ জলপ্রকল্প এবং তার অধীনে থাকা বুস্টার পাম্পিং স্টেশনগুলিতে নির্দিষ্ট কিছু সময় অন্তর কাজ করতে হয়। কলকাতা পুরসভা নিউ মুভি সেই সমস্ত কাজ গুলি করে থাকে। শনিবার সেই কাজগুলি হবে। তা ছাড়া, কয়েকটি পাইপলাইনে ফাটল ও ছিদ্র ধরা পড়েছে। তাতে জলের যথেষ্ট অপচয় হচ্ছে। এই সুযোগে রবিবার সকালের মধ্যে সেই পাইপলাইন মেরামতির কাজও সেরে ফেলতে চায় পুরসভা।


Share