Suvendu Adhikari

‘রাজনৈতিক কারনে ক্ষমতার অপব্যবহার যেন না করা হয় তা সুনিশ্চিত করতে হবে,’ রাজ‍্য সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

এই সমস্ত আধিকারিকদের বদলির ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা রয়েছে। তা যাতে বাস্তবসম্মত হয় এবং এর সথে বদলি সংক্রান্ত পাওনায় যাতে দ্রুত অনুমোদন দেওয়ানো যায় তা-ও বিবেচনা করে দেখবেন বলে মুখ্যমন্ত্রী তাঁদের জানিয়েছেন।

ডব্লুবিসিএস আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১২:৫৪

ক্ষমতায় আসার পরেই বার্তা দিয়েছিলেন, দল আর সরকার সম্পূর্ণ পৃথক। ঘোষণাও করেছিলেন, সরকারি অনুষ্ঠানে কোনও রাজনৈতিক মন্তব্য করবেন না। বুধবার রাজ‍্য সরকারি সিভিল সার্ভিস আধিকারিকের সঙ্গে পর্যালোচনা বৈঠকে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, এই স্তরের আধিকারিকদের ক্ষমতাকে রাজনৈতিক কারনে ব‍্যবহার করা যাবে না। তা যাতে না হয় তা সুনিশ্চিত করতে হবে।

বুধবার বিকেল ৩টে নাগাদ ধনধান‍্য অডিটোরিয়ামে ডব্লুবিসিএস আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক সারেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে রাজ‍্যের মুখ‍্যসচিব মনোজকুমার আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, অর্থ দফতর ও কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরের প্রধান সচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রধান সচিব উপস্থিত ছিলেন। রাজ‍্যের অতিরিক্ত মুখ‍্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীও উপস্থিত ছিলেন। পাশাপাশি সরকারের বিভিন্ন দফতরের কর্মরত ডব্লুবিসিএস আধিকারিকেরা উপস্থিত ছিলেন। 

সিপিএম এবং তৃণমূল জমানায় ডব্লুবিসিএস আধিকারিকদের রাজনৈতিক কাজে ব্যবহার করার অভিযোগ উঠত। বিগত সরকারের আমলে একাধিক দফতরের ডব্লুবিসিএস আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ দিনের সভা থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, ডব্লুবিসিএস আধিকারিকদের ক্ষমতাকে রাজনৈতিক স্বার্থে ব‍্যবহার করা যাবে না। রাজনৈতিক কারনে তাঁরা যাতে পরিচালিত না হন তা সুনিশ্চিত করতে হবে। আগামী দিনে রাজ্যের উন্নয়ন এবং বিভিন্ন গঠনমূলক কাজে সরকারের পাশে থাকার জন্য আধিকারিকদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

ডব্লুবিসিএস আধিকারিক এরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। যেমন, প্রতিটি আধিকারিকদের স্ব-মূল্যায়নপত্র পাওয়ার ক্ষেত্রে জটিল পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। এতে আধিকারিকদের পদোন্নতি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই পদ্ধতির সরলীকরণ ও সংস্কার করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। কর্মরত স্বামী ও স্ত্রীর একই কর্ম ক্ষেত্রে কাজ করা সুবিধে সুনিশ্চিত করা হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। 

এই সমস্ত আধিকারিকদের বদলির ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা রয়েছে। তা যাতে বাস্তবসম্মত হয় এবং এর সথে বদলি সংক্রান্ত পাওনায় যাতে দ্রুত অনুমোদন দেওয়ানো যায় তা-ও বিবেচনা করে দেখবেন বলে মুখ্যমন্ত্রী তাঁদের জানিয়েছেন। সূত্রের খবর, ‘রাজ্য সরকারি হেলথ স্কিম’-কে ‘কেন্দ্রীয় সরকারি হেলথ স্কিম’-এর সমপর্যায়ে উন্নীত করার আশ্বাস দিয়েছেন।


Share