Chief Minister Medal

‘অসামান‍্য’ এবং ‘প্রশংশনীয়’ কাজের জন‍্য স্বীকৃতি পাচ্ছেন নীরজ, দময়ন্তী, কুনাল, স্বাধীনতা দিবসে ১৪ জন আইপিএস অফিসারকে পদক দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

মোট ১৪ জন আইপিএস অফিসার মুখ্যমন্ত্রী পদক পাবেন। তার মধ্যে দু’জন ডিজি পদমর্যাদার অফিসার রয়েছেন। পাঁচজন আইজি পদমর্যাদার অফিসার রয়েছেন। তিনজন ডিআইজি পদমর্যাদার অফিসার রয়েছেন। চারজন সুপার পদমর্যাদার অফিসার রয়েছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ০৮:৩৩

কর্তব‍্যে বিশেষ অবদানের জন‍্য ১৪ জন আইপিএস অফিসারকে পদক দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি বছর এই দিনে আইপিএস অফিসারদের মুখ্যমন্ত্রী বেছে নেন। এ বারও তার ব্যতিক্রম হয়নি। আগামী শনিবার তাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত থেকে পদক নেবেন।

‘অসামান্য’ কাজের জন‍্য দু’জন ডিজি পদমর্যাদার আইপিএস অফিসার মুখ‍্যমন্ত্রী পদক পাবেন। তাঁরা হলেন, অজয় কুমার এবং নীরজকুমার সিংহ। অজয় কুমার বর্তমানে রাজ‍্য পুলিশের সদর দফতরের দায়িত্বে রয়েছেন। নীরজকুমার সিংহ পুলিশ নিয়োগ বোর্ড (পিআরবি)-র ডিরেক্টর পদে রয়েছেন।

পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরস্কারের মুখে পড়তে হয়েছিল তৎকালীন কলকাতার গোয়েন্দা প্রধানের দায়িত্বে থাকা দময়ন্তী সেনকে। তিনিই সাংবাদিক বৈঠক করে পার্ক স্ট্রিটের ঘটনাটি ধর্ষণের ঘটনা বলে স্বীকার করেছিলেন। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী প্রায় সেই তত্ত্ব নাকচ করে দিয়ে ‘সামান্য ঘটনা’ -র তকমা দিয়েছিলেন। পালাবদলের পরে তাঁকে বিশেষ দায়িত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। বর্তমানে তিনি রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীতে আইজি পদমর্যাদায় রয়েছেন। তিনি ৮০ তম স্বাধীনতা দিবসে তিনি মুখ্যমন্ত্রী মেডেল নেবেন।

এর পাশাপাশি কে জয়ারামন, প্রণব কুমার এবং কুনাল আগরওয়ালকেও অসামান্য কাজের জন‍্য মুখ‍্যমন্ত্রী মেডেল দেওয়া হবে। কে জয়ারামন বর্তমানে ইকোনমিক অফেন্স বিভাগের ডিরেক্টর পদে রয়েছেন। প্রণব কুমার আসানসোলের কমিশনার পদে রয়েছেন। কুনাল আগরওয়াল কলকাতা পুলিশে অতিরিক্ত কমিশনার (অপরাধ) পদে রয়েছেন।

যে সমস্ত আইপিএস অফিসারেরা ‘প্রশংশনীয়’ কাজ করেছেন তাঁরাও মুখ্যমন্ত্রী পদক আগামী শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত থেকে তুলে নেবেন। সেই তালিকায় এক জন আইজি, তিন জন ডিআইজি এবং চারজন সুপার পদমর্যাদার আধিকারিক রয়েছেন।

প্রকাশিত তালিকা নাম রয়েছে, কঙ্করপ্রসাদ বারুই, সুনীলকুমার যাদব, রাঠোড় অমিতকুমার ভরত, সূর্যপ্রতাপ যাদব, সচীন মক্কর, মিস পুষ্পা, অংশুমান সাহা এবং অরবিন্দকুমার আনন্দের।

কঙ্করপ্রসাদ বারুই বর্তমানে প্রেসিডেন্সি রেঞ্জের আইজি পদে রয়েছেন। সুনীলকুমার যাদব চন্দননগরের কমিশনার পদে রয়েছেন। সূর্যপ্রতাপ যাদব বর্তমানে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্র্যাফিক) পদে রয়েছেন। রাঠোড় অমিতকুমার ভরত বিধাননগরের পুলিশ কমিশনার পদে রয়েছেন। অংশুমান সাহা পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার পদে রয়েছেন। অরবিন্দকুমার আনন্দ বারুইপুরের পুলিশ সুপার পদে রয়েছেন। মিস পুষ্পা পূর্ব বর্ধমানের পুলিশ সুপার পদে রয়েছেন। শচীন মক্কর মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে রয়েছেন।


Share