Taratala Incident

চার মাসের জন‍্য শহরে চলমান নির্মীণের কাজ বন্ধ, যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ৩১ জুলাই পর্যন্ত শহরে বাণিজ্যিক ভবনে নির্মাণকাজ আপাতত বন্ধ রাখা হবে। তৃণমূল জমানায় অনুমোদন দেওয়া ভবনের নির্মাণকাজের প্রয়োজনীয় প্ল্যান খতিয়ে দেখতে হবে।

আগামী চার সপ্তাহের জন্য শহরে চলমান সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
নিজস্ব সংবাদদাতা, তারাতলা
  • শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০৮:২৩

আগামী চার সপ্তাহের জন‍্য শহরে চলমান সমস্ত নির্মাণকাজ বন্ধ করতে হবে। যাবতীয় কাজপত্র খতিয়ে দেখার পরেই মিলবে অনুমতি। তারাতলার ঘটনার পরে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে এবং পুলিশ কমিশনার অজয়কুমার নন্দকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ৩১ জুলাই পর্যন্ত শহরে বাণিজ্যিক ভবনে নির্মাণকাজ আপাতত বন্ধ রাখা হবে। তৃণমূল জমানায় অনুমোদন দেওয়া ভবনের নির্মাণকাজের প্রয়োজনীয় প্ল্যান খতিয়ে দেখতে হবে। সেই সমস্ত ভবনের ফায়ার সেফটি, জলাশয় বুজিয়ে হয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে। তার পরেই আবার নির্মাণকাজ শুরু করা যাবে।

কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে, কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে অডিট করতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কমিটিতে দমকল, পিডব্লুডিকেও রাখা হয়েছে। এ ছাড়াও, পারলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে কলকাতার বাইরের এলাকায় নির্মাণকাজ নিয়ে খতিয়ে দেখতে পারেন।

তারাতলার ঘটনার পরে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি বলেন, প্রশাসন ভালো কাজ করছে। পরে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান,ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন, কৃষ্ণ চৌধুরী, রহিত চৌধুরী এবং অপর জনের পরিচয় এখনও জানা যায়নি। ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ১৮ জনের চিকিৎসা এসএসকেএম হাসপাতালে চলছে।

তবে কত জনকে ক্ষতিপূরণ দেওয়া হবে? তা নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় জানাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি  ঘটনার পর থেকেই নবান্নে কন্ট্রোল রুম খুলে দিয়েছেন। তা তদারকি করছে মুখ‍্যসচিব।

এ দিন মুখ্যমন্ত্রী এ-ও জানান, যে অবস্থা সেখানে সৃষ্টি হয়েছিল, তা কোনও ভাবেই সেনাবাহিনীর সাহায্য ছাড়া সম্ভব হত না। সেনাবাহিনীর আধুনিক যন্ত্রপাতির রয়েছে। তাই মৃত্যুর সংখ্যাও কমানো সম্ভব হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share