Park Circus Incident

পার্ক সার্কাসে বিক্ষোভের নামে দুষ্কৃতীদের তান্ডব, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর, জখম তিন পুলিশকর্মী

অতিরিক্ত কমিশনার অশেষ বিশ্বাস বলেন, “পার্ক সার্কাসে একটি অবৈধ জমায়েত হয়েছিল। সেখানে তাদের হটাতে গিয়ে আমাদের তিন কর্মী জখম হয়েছেন। তিনটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। কাউকে রেয়াত করা হবে না।”

উত্তপ্ত পার্ক সার্কাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৮:১২

পার্ক সার্কাসে অবৈধ জমায়েত। সেখানে বিক্ষোভের নামে দুষ্কৃতীরা রীতিমতো তাণ্ডব করল। বিক্ষোভ হটাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনায় তিন জন পুলিশকর্মী জখম হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে।

ব‍্যস্ত সময়ে পথচলতি মানুষের সুবিধার্থে রাজ‍্য সরকার রাস্তা আটকে নমাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। গত শুক্রবার রাজাবাজারের রাস্তায় নমাজ পড়তে বসলে পুলিশ তাদের সরিয়ে দেয়। সাধারণ মানুষের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়ায় সেদিনও পুলিশকে ঘিরে বিক্ষোভ হয়। অন‍্য দিকে, শহরে যত অবৈধ ভাবে তৈরি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মত তিলজলায় অবৈধ ভাবে তৈরি কারখানা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।

রাজ‍্য সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে রবিবার প্রতিবাদের ডাক দেওয়া হয়। দুপুর থেকে পার্ক সার্কাসে জমায়েত হয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের দাবি, রাজ‍্য সরকারের এই সিদ্ধান্ত ঠিক নয়। এমনকী, রাস্তায় বসে নমাজ পড়ার যে রীতিনীতি রয়েছে তা বহাল রাখতে হবে বলেও দাবি করে।

দীর্ঘক্ষণ ধরে রাস্তা আটকে অবস্থান বিক্ষোভ চলায় রবিবারেও যানজট তৈরি হয়। যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ঘটনাস্থলে আসে। প্রথমে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। তাদের সেখান থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করে।

বারবার অনুরোধ করায় তারা না ওঠায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এর পরেই আচমকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে দুষ্কৃতীরা। তিনটি পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। এমনকী, কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালককে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনায় তিন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরবর্তীতে শুরু হয় ধরপাকড়। টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় কয়েক জনকে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।

কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার অশেষ বিশ্বাস ঘটনাস্থলে আসেন। অতিরিক্ত কমিশনার অশেষ বলেন, “পার্ক সার্কাসে একটি অবৈধ জমায়েত হয়েছিল। সেখানে তাদের হটাতে গিয়ে আমাদের তিন কর্মী জখম হয়েছেন। তিনটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। কাউকে রেয়াত করা হবে না।” তিনি আরও জানান, পুলিশের কাছে আগে থেকে খবর ছিল। তাই বড় কোনও ঘটনা ঘটেনি।


Share