Special Intensive Rivision

এসআইআর জট কাটাতে বড় বৈঠক, কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে কমিশনের মুখোমুখি আলোচনা

সুপ্রিম কোর্ট-এর নির্দেশ অনুযায়ী, বিচার বিভাগীয় আধিকারিকদের এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত নথি যাচাই ও নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। হাই কোর্ট ইতিমধ্যেই নির্দিষ্ট করে দিয়েছে, কোন বিচারক কোন বিধানসভা এলাকাভিত্তিক দায়িত্ব সামলাবেন।

বিচারপতি সুজয় পাল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৩

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। জানা গিয়েছে, ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যাবতীয় জটিলতা এবং বিচারবিভাগীয় আধিকারিকদের প্রশ্নের উত্তর দিতেই এই বৈঠক ডাকা হয়েছে। সোমবার বিকেল ৫টায় হাই কোর্টে অনুষ্ঠিত হতে চলা আলোচনায় উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেও।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিচারবিভাগীয় আধিকারিকদের এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত নথি যাচাই ও নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা হাই কোর্ট ইতিমধ্যেই নির্দিষ্ট করে দিয়েছে, কোন বিচারক কোন বিধানসভা এলাকাভিত্তিক দায়িত্ব সামলাবেন। সোমবার থেকেই দায়িত্বপ্রাপ্ত বিচারকেরা নথি খতিয়ে দেখা শুরু করেছেন। ভোটার তালিকা থেকে কার নাম বাদ যাবে বা থাকবে, সে বিষয়ে তাঁরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

কমিশন সূত্রে খবর, এখনও প্রায় ৫০ লক্ষ ভোটারের তথ্য যাচাই ও নিষ্পত্তি বাকি। এই বিপুল পরিমাণ নথিই বিচারকদের পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি হাই কোর্ট প্রাথমিকভাবে ২৪০ জন বিচারককে এই কাজে নিয়োগ করেছে।

তবে অভিযোগ উঠেছে, যাচাই ও নিষ্পত্তির জন্য বাকি থাকা প্রায় ৫০ লক্ষ ভোটারের তালিকা জেলা বা বিধানসভাভিত্তিক ভাবে কমিশন সরবরাহ করেনি। এই নিয়েই প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। সোমবারের বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হতে পারে।

এর আগে রবিবার ভার্চুয়াল বৈঠকে দায়িত্বপ্রাপ্ত বিচারকদের সুপ্রিম কোর্টের নির্দেশাবলি, প্রয়োজনীয় নথি যাচাইয়ের পদ্ধতি এবং করণীয় সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

অন্যদিকে, এসআইআর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নজরদারির জন্য প্রধান বিচারপতি সুজয় পাল প্রতিটি জেলায় একটি করে মনিটরিং কমিটি গঠন করেছেন। সংশ্লিষ্ট জেলার জেলা বিচারক, জেলাশাসক ও পুলিশ সুপারকে ওই কমিটিতে রাখা হয়েছে। প্রতিটি জেলায় এই কমিটি গঠন করে নির্দেশ বাস্তবায়ন নিশ্চিত করার কথাও জানানো হয়েছে।


Share