Mamata Banerjee

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নারী দিবসে পথে নামার ডাক মুখ্যমন্ত্রীর, কালো শাড়ি পরে হাঁড়ি-কড়াই হাতে মিছিলের আহ্বান

শনিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি জানান, কালো শাড়ি পরে হাঁড়ি-কড়াই, হাতা-খুন্তি হাতে নিয়ে মহিলারা প্রতিবাদ মিছিলে সামিল হোন। তবে তিনি নিজে সাদা শাড়ি পরবেন বলেও জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১০:২২

সারা দেশেই বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দাম। এরই প্রতিবাদে রবিবার, আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের রাস্তায় নামার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি জানান, কালো শাড়ি পরে হাঁড়ি-কড়াই, হাতা-খুন্তি হাতে নিয়ে মহিলারা প্রতিবাদ মিছিলে সামিল হোন। তবে তিনি নিজে সাদা শাড়ি পরবেন বলেও জানিয়েছেন। এই মিছিলের রুট ও সময় নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-কে।

শুক্রবার কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় ৬০ টাকা বাড়িয়েছে। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই নারী দিবসের দিনে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘গ্যাসের দাম বেড়েছে। মহিলা ভোটারদের নাম কেটেছে। কাল (রবিবার) মিছিল হবে। গ্যাস নাই, রান্না নাই, খাবার নাই! হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি হাতা, খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক নারী দিবসে।’’

মমতার অভিযোগ, সংখ্যালঘু, জনজাতি, রাজবংশী ও তফসিলি সম্প্রদায়ের বহু মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। সেই কারণেও প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি মহিলাদের কালো শাড়ি পরে মিছিলে আসার অনুরোধ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আইনজীবীরা যেমন বিচারের দাবিতে কালো কোট পরে আদালতে যান, তেমনই প্রতিবাদের প্রতীক হিসেবে মহিলারা কালো শাড়ি পরতে পারেন। তিনি বলেন, ‘‘যে ভাবে আইনজীবীরা কালো কোট পরে কোর্টে যান, তেমন কালো শাড়ি পরে প্রতিবাদ জানাবেন। আইনজীবীরা কালো কোট পরেন বিচারের জন্য। আমি সাদা পরব, আপনারা কালো পরুন।’’

রবিবারও ধর্মতলায় ধর্না চলবে কি না, তা এখনও স্পষ্ট করেনি তৃণমূল। তবে মমতা জানান, ‘‘কাল (রবিবার) মিছিল শেষে মা-বোনেরা যখন এখানে (ধর্মতলা) আসবেন, তাঁরা হাঁড়ি, কড়াই নিয়ে আসবেন। পারলে গ্যাসের ওভেনও আনবেন। রান্না করবেন কী ভাবে! কাঁচা আনাজও আনবেন।’’ তবে তার পরেই তিনি সতর্ক করেছেন, ‘‘এটা (কর্মসূচি) প্রতিবাদের জন্য, অশান্তির জন্য নয়। প্রতিবাদের ভাষা বেছে নিতে হবে। ওরা (বিজেপি) মহিলা-বিরোধী।’’

এরপর রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ‘‘গত কাল (শুক্রবার) ৬০ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। তিন দিন আগে ৪৯ টাকা বাড়িয়েছে। বড় সিলিন্ডারের দাম ২,১০০ টাকা। ছোট সিলিন্ডার ১,০০০ টাকা হয়েছে। ২১ দিন আগে বুক করতে হবে। গ্যাস না থাকলে কার মাথা খেয়ে থাকবেন!’’

মমতার প্রশ্ন, পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে যদি গ্যাসের দাম বাড়তে পারে, তবে কেন্দ্র আগে থেকে কেন পরিকল্পনা করেনি। তাঁর কথায়, ‘‘এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের? ওদের কমরেড বলি। কমরেড শব্দে শ্রদ্ধা করি। বেনামি কমরেডদের নয়।’’

তবে মমতা এখানেই থেমে থাকেননি। তিনি বলেন, ‘‘আগে কী করছিলেন? ঘুমোচ্ছিলেন? না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মালা পরে এসেছিলেন দেশকে বেচে দিয়ে।’’ মমতার কথায়, ‘‘যাঁর ঘরে গ্যাস নেই, ২১ দিন অপেক্ষা করতে হবে? কেরোসিনও নেই যে স্টোভ জ্বালাবে, কোটা বন্ধ। কার মাথা চেবাবে, আমাদের, না আপনাদের? বাস্তব জীবনে যা প্রয়োজন, সকলের প্রয়োজন, তা নেই। কেন উপহার নেওয়ার আগে, কানমলা খাওয়ার আগে পরিকল্পনা করেননি? জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন!’’ মমতার কটাক্ষ, মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে, তার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়ে ৮৭৯ টাকা থেকে ৯৩৯ টাকা হয়েছে। অন্যদিকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১,৯৯০ টাকা, যা আগে ছিল ১,৮৭৫ টাকা ৫০ পয়সা। এর আগে ১ মার্চ বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৩১ টাকা বাড়ানো হয়েছিল। পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল দু’ধরনের গ্যাসেরই দাম।


Share