Metro Railway

স্বাধীনতা দিবসে মেট্রো চলাচলে পরিবর্তন! কোন লাইনে কত ট্রেন, কোথায় বন্ধ পরিষেবা? জেনে নিন সম্পূর্ণ সূচি

১৫ অগস্ট স্বাধীনতা দিবসে ব্লু লাইনে মোট ১৯৪টি মেট্রো পরিষেবা চালানো হবে। এর মধ্যে ৯৭টি আপ এবং ৯৭টি ডাউন ট্রেন থাকবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১০:২২

আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতা মেট্রোর বিভিন্ন রুটে ট্রেন চলাচলের সূচিতে সাময়িক পরিবর্তন করা হচ্ছে। ছুটির দিনে যাত্রীসংখ্যা স্বাভাবিক কর্মদিবসের তুলনায় কম-বেশি হতে পারে, সেই বিষয়টি মাথায় রেখেই মেট্রো কর্তৃপক্ষ
ব্লু ও গ্রিন লাইনে পরিমার্জিত সূচি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে যাত্রীদের জন্য স্বস্তির খবর, কোনও রুটেই প্রথম ও শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না।

১৫ অগস্ট স্বাধীনতা দিবসে ব্লু লাইনে মোট ১৯৪টি মেট্রো পরিষেবা চালানো হবে। এর মধ্যে ৯৭টি আপ এবং ৯৭টি ডাউন ট্রেন থাকবে। তবে প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

অন্য দিকে, স্বাধীনতা দিবসে গ্রিন লাইনে মোট ১৪৮টি মেট্রো চলবে। ৭৪টি আপ এবং ৭৪টি ডাউন দুই দিকেই সমান সংখ্যক পরিষেবা রাখা হয়েছে। এই লাইনেও দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে।

ইয়েলো লাইনে অন্যান্য দিনের মতোই মোট ৯২টি পরিষেবা চালু থাকবে। এর মধ্যে ৪৬টি আপ এবং ৪৬টি ডাউন ট্রেন। তবে ১৫ অগস্ট জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রোর সংখ্যা কিছুটা কমছে। স্বাভাবিক দিনে পাঁচটি ডিরেক্ট ট্রেনের পরিবর্তে ওই দিন চারটি সরাসরি পরিষেবা পাওয়া যাবে। প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

পার্পল লাইনে অন্যান্য দিনের মতোই মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।


Share