West Bengal Education

কথার সঙ্গে কাজের মিল নেই, তৃণমূল জমানার পুনরাবৃত্তি, কলেজের পরিচালন সমিতিতে বিজেপির নির্বাচিত প্রতিনিধিদের ভিড়

শনিবার ২৪৭টি কলেজের পরিচালন সমিতির সভাপতিদের নাম ঘোষণা করেছে রাজ‍্যের উচ্চশিক্ষা দফতর। ওই তালিকায় দেখা যাচ্ছে, বিজেপির সাংসদ এবং বিধায়কদের পুনর্বাসন দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ আগস্ট ২০২৬ ০৫:৪২

কথা আর কাজে নেই কোনও মিল। রাজ‍্যের সরকারি এবং পোষিত কলেজগুলির পরিচালন সমিতিতে বিজেপির সাংসদ এবং বিধায়কদের রাখা হয়েছে। শনিবার বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দফতর। তার পরেই বিতর্ক তুঙ্গে উঠেছে।

তালিকার সবচেয়ে চমক রয়েছে কলকাতার কলেজগুলিতে। তাতে দেখা যাচ্ছে, সজল ঘোষকে আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে তাঁকে পরিচালন সমিতির সভাপতি না করে শিয়ালদহের বঙ্গবাসী কলেজের তিনটি বিভাগেরই পরিচালন সমিতির সভাপতি পদে রাখা হয়েছে। আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজের তিনটি বিভাগের সভাপতি করা হয়েছে খড়দহের বিজেপি বিধায়ক কল‍্যাণ চক্রবর্তীকে। তৃণমূলে থাকাকালীন সজল সিটি কলেজ নিয়ন্ত্রণ করত। বর্তমানে তিনি বরাহনগরে বিজেপি বিধায়ক। সুরেন্দ্রনাথ কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে ব‍্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। আবার বিদ‍্যাসাগর কলেজের তিনটি বিভাগেই রাজ‍্যের মন্ত্রী তাপস রায়কে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। যদিও ওই এলাকাটি চৌরঙ্গি বিধানসভার মধ্যে পড়ে। বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তাঁকে কোথাও রাখা হয়নি।

আবার জয়পুরিয়া কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নার বিধায়ক তথা রাজ‍্যের প্রতিমন্ত্রী অশোক দিন্দাকে। তরুণী‍জ‍্যোতি তিওয়ারিকে বেলেঘাটার গুরুদাস কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। আশুতোষ, যোগমায়া দেবী এবং শ‍্যামাপ্রসাদ কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে রাজ‍্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে। মহারানি কাশীশ্বরী, মহারাজা মনীন্দ্রচন্দ্র, এবং মহারাজা শ্রীশচন্দ্র কলেজের পরিচালন সমিতির মাথায় বসানো হয়েছে কাশিপুর-বেলগাছিয়ায় বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারিকে।

বীরভূমের সিউড়ি বিদ‍্যাসাগর কলেজ এবং শম্ভুনাথ কলেজের পরিচালন সমিতির সভাপতি হয়েছেন শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় নিজেই।

আলিপুরদুয়ারের সিধো-কানোহ এবং বিবেকানন্দ কলেজের পরিচালন সমিতির সভাপতি হয়েছেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে বাঁকুড়া ওন্দা এবং রমানন্দ কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে গঙ্গারামপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। দার্জিলিংয়ের সাউথ ফিল্ড এবং শিলিগুড়ি কমার্স কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। মালদহের চাঁচল এবং হরিশচন্দ্রপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। বিজেপির সাংসদ জগন্নাথ সরকারকে চাকদহ কলেজ এবং কল‍্যাণী মহাবিদ‍্যালয়ের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। 

শনিবার ২৪৭টি কলেজের পরিচালন সমিতির সভাপতিদের নাম ঘোষণা করেছে রাজ‍্যের উচ্চশিক্ষা দফতর। ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কলেজকে দুর্নীতিমুক্ত করার ডাক দিয়েছিলেন। কলেজের পরিচালন সমিতিরতে রাজনৈতিক দলের নেতাদের বসানো নিয়ে সরব হয়েছিলেন। সরকারি এবং সরকারি পোষিত কলেজে পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু শনিবার প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, তা একেবারেই উল্টো হয়েছে। কথা আর কাজে কোনও মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই তালিকায় দেখা যাচ্ছে, বিজেপির সাংসদ এবং বিধায়কদের পুনর্বাসন দেওয়া হয়েছে।


Share