Suvendu Adhikari

মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যে চালু হল ‘আয়ুষ্মান ভারত’, ছ'কোটি মানুষ পাবেন বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা

রবিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনারও সূচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় এক কোটি ৪৩ লক্ষ পরিবার, অর্থাৎ প্রায় ছ'কোটি মানুষ স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ০৯:৩৩

পূর্বের ঘোষণামতো রবিবার (১৬ অগস্ট) থেকেই রাজ্যে চালু হল কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। একই সঙ্গে, প্রকল্পের উপভোক্তাদের কী ভাবে যাচাই করা হবে, রবিবার রাজ্য সরকার সেই প্রক্রিয়াও স্পষ্ট করেছে।

প্রশাসন জানিয়েছে, নির্দিষ্ট কিছু সূচকের ভিত্তিতে তৈরি প্রকল্পের তথ্যভান্ডারে কারও নাম থাকলে, তিনি নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আয়ুষ্মান ভারতের কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে তথ্যভান্ডারে নাম না থাকলে সম্ভাব্য উপভোক্তার নাম ২০১৩ সালের জাতীয় খাদ্যসুরক্ষা আইন অনুযায়ী তৈরি তিন ধরনের রেশন কার্ডের তথ্যভান্ডারে রয়েছে কি না, তা যাচাই করা হবে। সেখানে নাম পাওয়া গেলে পরবর্তী ধাপে দেখা হবে, সংশ্লিষ্ট ব্যক্তির ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে কি না। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের তথ্য যাচাই করা হবে।

ই-কেওয়াইসি সম্পন্ন হয়ে থাকলে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য উপভোক্তাকে অপেক্ষা করতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কার্ডের স্ট্যাটাসও পরীক্ষা করা যাবে। তবে ই-কেওয়াইসি না হয়ে থাকলে ধরে নিতে হবে, সমীক্ষা বা যাচাইয়ের প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। সে ক্ষেত্রে আগে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। অন্য দিকে, জাতীয় খাদ্যসুরক্ষা আইনের তথ্যভান্ডারে যাঁদের নাম নেই, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনার জন্য আবেদন করার সুযোগ পাবেন।

রবিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনারও সূচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় এক কোটি ৪৩ লক্ষ পরিবার, অর্থাৎ প্রায় ছ'কোটি মানুষ স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। অন্য দিকে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় আসবেন আরও প্রায় ৮০ লক্ষ রাজ্যবাসী। একই সঙ্গে চালু হওয়া এই দুই স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় দেশজুড়ে ৩৮ হাজার ৬০৪টি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ থাকবে।

রাজ্যের বিজেপি সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। এই সুবিধার আওতায় থাকবেন ভূমিহীন ও দিনমজুর পরিবার, তফসিলি জাতি ও জনজাতিভুক্ত পরিবার, কাঁচাবাড়ি বা এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার এবং যে পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সি কোনও রোজগেরে পুরুষ সদস্য নেই। পাশাপাশি, ৭০ বছরের ঊর্ধ্বে সমস্ত প্রবীণ নাগরিককেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।


Share