Annapurna Yojna

কথা দিয়ে কথা রাখল বিজেপি, ১ জুন থেকে মিলবে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা, খুশি মহিলারা

অগ্নিমিত্রা পালের দফতর জানিয়েছে, রাজ্যের প্রত‍্যেক মহিলারা এই ‘অন্নপূর্ণা যোজনা’-এর সুবিধা পাবে। আগামী ১ জুন থেকে এই প্রকল্প শুরু হয়ে যাবে। মাসিক তিন হাজার টাকা করে তাঁরা পাবেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১২:২৪

কথা দিয়েছিল। ক্ষমতায় আসতেই প্রতিশ্রুতি পূরণ করার আরও এক এগিয়ে গেল রাজ‍্য সরকার। রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করতে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা যোজনা’। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে নারী এবং শিশু কল্যাণ দফতর।

অগ্নিমিত্রা পালের দফতর জানিয়েছে, রাজ্যের প্রত‍্যেক মহিলারা এই ‘অন্নপূর্ণা যোজনা’-এর সুবিধা পাবে। আগামী ১ জুন থেকে এই প্রকল্প শুরু হয়ে যাবে। মাসিক তিন হাজার টাকা করে তাঁরা পাবেন। 

কারা এই সুবিধা পাবেন তা-ও জানিয়ে দিয়েছে অগ্নিমিত্রা পালের দফতর। নারী ও শিশু কল্যাণ দফতর জানিয়েছে, যাঁদের বয়স ২৫ বছর, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন। ৬০ বছর পর্যন্ত এই প্রকল্পের সুবিধা তাঁরা পাবেন। তারপরে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন। ‘লক্ষ্মীর ভান্ডার’ বলে আর কোনও প্রকল্প রইল না। তা আগামী ১ জুন থেকে ‘অন্নপূর্ণা যোজনা’ হিসেবেই সরকারি খাতায় থাকবে।

রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা সরকারি কোনও সুযোগ-সুবিধা পাবেন না। তা-ও এ দিন স্পষ্ট করে দিয়েছে নারী ও শিশু কল্যাণ দফতর। তাঁরা জানিয়েছে, এসআইআরের তালিকায় যাঁদের মৃত, স্থানান্তরিত, ভুয়ো এবং অনুপস্থিতির তালিকায় রয়েছেন তাঁরা পাবেন না। অর্থাৎ ৫৮ লক্ষের নাম স্বাভাবিক ভাবেই বাদ পড়ে গেল।

এ ছাড়াও, চূড়ান্ত ভোটার তালিকা এবং বিচারাধীন থাকার পরেও যাঁদের নাম বাদ পড়েছে তাঁরাও এই সরকারি সুবিধা পাবেন না। যদিও ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পরে যাঁদের নাম এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বা যাঁরা সিএএ-তে আবেদন করেছেন, তাঁরা পাবেন। তবে এই সমস্ত ভোটারদের নাম যদি পরেও বাদ যায়, এই সুবিধা আর নিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে নতুন আবেদন গ্রহণ করা হবে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে ব্লক উন্নয়ন আধিকারিক এবং শহরতলি এলাকার ক্ষেত্রে মহকুমাশাসক অনলাইনে আবেদনপত্র খতিয়ে দেখবেন। কারা এই এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য তার তালিকা জেলাশাসকের কাছে পাঠানো হবে। চূড়ান্ত অনুমোদন তিনিই দেবেন। 

কলকাতার ক্ষেত্রে এই কাজের জন্য পুরসভার নির্দিষ্ট আধিকারিককে দায়িত্ব দেওয়া হবে। তিনি যাবতীয় আবেদনপত্র খতিয়ে দেখে পোর্টালে আপলোড করবেন। কলকাতা পুরসভার এলাকায় কারা এই সুবিধা পাবেন তাঁদের তালিকায় চূড়ান্ত অনুমোদন দেবেন কমিশনার নিজেই। 


Share