Amit Shah

শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে কলকাতায় অমিত শাহ, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ, দুর্নীতি-ইউসিসি-সিএএ নিয়ে একাধিক বড় বার্তা

এ দিন মিলন মেলার মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শেই আজ দেশ পরিচালিত হচ্ছে এবং তাঁর স্বপ্ন পূরণে কেন্দ্র সরকার কোনও খামতি রাখবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ১০:৩০

কলকাতার মিলন মেলায় এসে ফের একবার নাগরিকত্ব সংশোধনী আইন এবং অনুপ্রবেশের ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে তাঁর ১২৫ ফুট উচ্চতার প্রস্তাবিত মূর্তির শিলান্যাস এবং স্মারকের ভূমিপুজোর অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসেন তিনি। সেখান থেকে নাম না করে তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায়ও পঞ্চমুখ হন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ দিন মিলন মেলার মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শেই আজ দেশ পরিচালিত হচ্ছে এবং তাঁর স্বপ্ন পূরণে কেন্দ্র সরকার কোনও খামতি রাখবে না।

বক্তৃতায় কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ এবং সিএএ কার্যকর করে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গ তুলে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে তীব্র আক্রমণ করেন শাহ। তিনি স্মরণ করিয়ে দেন, নেহরু-লিয়াকত চুক্তির প্রতিবাদেই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। শাহের দাবি, "আজ তাঁরই পার্টির সরকার সিএএ এনে সমস্ত হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কাজ করেছে। শুভেন্দু ভাই প্রতিদিন আমার কাছে এই দাবি করছেন। আমি আজ এই মঞ্চ থেকে বলে যাচ্ছি যেটুকু বাকি অংশ রয়ে গিয়েছে নাগরিকত্ব দেওয়ার, সেটাও আমরা দ্রুত শেষ করে দেব। কারণ এখানে এখন বিজেপির সরকার আছে।" এর পরেই অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আজ আমি আবারও একটি সংকল্প পুনর্ব্যক্ত করতে চাই যে, ভারতের ভূমি থেকে প্রত্যেকটি অনুপ্রবেশকারীকে আমরা বেছে বেছে বের করে ভারতকে পূর্ণ সুরক্ষিত বানাবো।"

রাজ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। তাঁর বক্তব্য, "এত বছর পর বাংলায় বেঙ্গল টাইগারের ছেলে, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীকে সরকারি ছুটি ঘোষণা করে তাঁকে সম্মান জানানোর কাজ করেছেন শুভেন্দু।" একই সঙ্গে তিনি জানান, কলকাতার এক মনোরম হ্রদের তীরে এই ১২৫ ফুটের মূর্তি গড়ে ওঠার পাশাপাশি সেখানে ভারতের সুরক্ষার জন্য গবেষণা করতে ‘শ্যামাপ্রসাদ মুখার্জী ইনস্টিটিউশন’ও স্থাপিত হবে।

শুভেন্দু সরকারের এক বছরের কাজের খতিয়ান তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, এত অল্প সময়ে কোনও রাজ্য সরকার তাদের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি এত দ্রুত বাস্তবায়ন করতে পারেনি। তাঁর কথায়, অন্নপূর্ণা যোজনা, উজ্জ্বলা ৩.০, মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা এবং আয়ুষ্মান ভারতের মতো একাধিক প্রকল্প ইতিমধ্যেই রাজ্যে কার্যকর হয়েছে। পূর্বতন সরকারের আমলের দুর্নীতির তদন্ত নিয়েও কড়া বার্তা দেন শাহ। তিনি জানান, দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির রিপোর্ট প্রকাশ পেলেই দুর্নীতিতে জড়িতদের গরিব মানুষের কাছে জবাবদিহি করতে হবে। তাঁর দাবি, বকেয়া মামলাগুলিতে প্রসিকিউশন স্যাঙ্কশনের জন্য সকাল ১২টায় অনুরোধ জানানো হলে আড়াইটার মধ্যেই শুভেন্দু সরকার সব অনুমোদন দিয়ে দিয়েছে।

এ ছাড়াও, তিনি জানান, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি 'ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার বিল, ২০২৬' ইতিমধ্যেই পাস হয়েছে। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ক্ষেত্রে এই বিলই প্রথম ধাপ বলে দাবি করেন তিনি। মহিলাদের নিরাপত্তা জোরদার করতে 'দুর্গা সুরক্ষা স্কোয়াড' গঠন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসনকালে বাংলার বৈচারিক চেতনা ও জাতীয়তাবাদী ভাবধারা চাপা পড়ে গিয়েছিল বলে দাবি করেন অমিত শাহ। তাঁর কথায়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই আদর্শই আবার বটবৃক্ষের মতো বিকশিত হবে এবং গড়ে উঠবে ‘সোনার বাংলা’। পাশাপাশি তিনি জানান, প্রধানমন্ত্রী  ও দলের সর্বভারতীয় নেতৃত্বের পক্ষ থেকে বাংলার মানুষকে আশ্বস্ত করা হচ্ছে যে, আগামী পাঁচ বছরের মধ্যে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।


Share