Shyamaprasad Mukherjee

অমিত শাহের কলকাতা সফরের আগেই সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদী ভাঙচুরের অভিযোগ, তদন্তে পুলিশ

সোমবার ওই মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল। কিন্তু তার আগেই রবিবার সকালে দেখা যায়, দুষ্কৃতীরা মূর্তির বেদী ভেঙে দিয়ে গিয়েছে। মূর্তির উপরের অংশ অক্ষত থাকলেও নিচের বেদীটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুকিয়া স্ট্রিটের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদী ভাঙচুর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০১:২৬

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসের প্রাক্কালে খাস কলকাতায় তাঁর মূর্তিতে ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় শ্যামাপ্রসাদের মূর্তির বেদীর নিচের অংশ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আগামীকাল, ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস। এ বছর রাজ্যে প্রথমবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তাঁর জন্মজয়ন্তী মহাসমারোহে পালনের ঘোষণা করা হয়েছে। সেই উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আগামীকাল কলকাতায় আসছেন। তার ঠিক আগেই এই ভাঙচুরের ঘটনা সামনে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।

এ বার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে রাজ্যব্যাপী জাঁকজমকপূর্ণ কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। নিউ টাউনের ইকো পার্কে তাঁর ১২৫ ফুট উঁচু মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার মূর্তির জন্য নির্ধারিত জমিতে ভূমিপুজো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ছাড়াও, তাঁর একাধিক কর্মসূচিও রয়েছে। শুধু নিউ টাউনই নয়, জন্মজয়ন্তীকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেড়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনের উদ্যোগ। একাধিক এলাকায় জনসংঘের প্রতিষ্ঠাতার নতুন মূর্তি বসানো হচ্ছে। তবে এই আবহেই খাস কলকাতায় তাঁর একটি মূর্তিতে হামলার ঘটনা সামনে এসেছে, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় এপিসি রোডের ধারে সদ্য স্থাপিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায়ের দুটি আবক্ষ মূর্তি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে অল্প দূরেই রয়েছে। মূর্তি স্থাপনের কাজ সম্পূর্ণ হওয়ার পাশাপাশি বেদীতে নামফলকও বসানো হয়েছিল। সোমবার ওই মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল। কিন্তু তার আগেই রবিবার সকালে দেখা যায়, দুষ্কৃতীরা মূর্তির বেদী ভেঙে দিয়ে গিয়েছে। মূর্তির উপরের অংশ অক্ষত থাকলেও নিচের বেদীটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেদীতে লাগানো নামফলক ভেঙে মূর্তির সামনেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এ দিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তরফে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

ইতিমধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙ্গার ঘটনায় সৌমজিৎ রায়চৌধুরী নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করে। তদন্ত চলাকালীন একটি সূত্রের তথ্যের ভিত্তিতে নারকেলডাঙ্গার বাসিন্দা বাপি হাজরার পুত্র রূপেশ হাজরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। রূপেশ দেবাশীষ ব্যানার্জি ওরফে কানকাটা দেবুর ঘনিষ্ঠ ছিলেন। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ। 


Share