Abhishek Banarjee

হাই কোর্টে ধাক্কার পর ফের সুপ্রিম কোর্টে অভিষেক, বিদেশে চোখের চিকিৎসার অনুমতি চেয়ে নতুন আবেদন

এরপরই বিচারপতি ভট্টাচার্য মামলাটি খারিজ করে দেন। হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ আগস্ট ২০২৬ ১১:০৯

কলকাতা হাই কোর্টে বিদেশে গিয়ে চোখের চিকিৎসার অনুমতি না মেলায় এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর আইনজীবীরা শীর্ষ আদালতে আবেদন জমা দিয়েছেন। আগামী সপ্তাহেই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ অভিষেককে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে অস্বীকার করে। আদালত নির্দেশ দেয়, বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সামনে হাজির হতে হবে তাঁকে। সেখানে চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা খতিয়ে দেখার কথা বলা হয়। তবে আদালতে অভিষেকের আইনজীবী জানান, তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে যাবেন না। এরপরই বিচারপতি ভট্টাচার্য মামলাটি খারিজ করে দেন। হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা মামলার শুনানি সোমবার সুপ্রিম কোর্টে হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বেঞ্চ মামলাটি কলকাতা হাই কোর্টে ফেরত পাঠিয়ে সাত দিনের মধ্যে আবেদনটির নিষ্পত্তির নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে বুধবার হাই কোর্টে মামলার শুনানি হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। বরং আদালত মামলাটি খারিজ করে দেয়। এরপর হাই কোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একই আর্জি নিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে গিয়ে চোখের চিকিৎসার অনুমতি চেয়ে করা মামলার শুনানি চলছিল। গত ২০ জুলাই মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, কলকাতার কোনও চক্ষু বিশেষজ্ঞ বা হাসপাতালের পরামর্শ অভিষেক নিয়েছেন কি না। জবাবে সাংসদের আইনজীবী রেবেকা ম্যামেন জন এবং অয়ন ভট্টাচার্য আদালতকে জানান, অভিষেকের দীর্ঘদিন ধরেই আমেরিকায় চোখের চিকিৎসা চলছে। সেই চিকিৎসার ধারাবাহিকতাতেই বিদেশে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আবেদনের বিরোধিতা করেছে রাজ্য। হাই কোর্টে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর হাই কোর্ট নির্দেশ দেয়, অভিষেককে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড যদি মত দেয় যে, কলকাতায় তাঁর চিকিৎসা সম্ভব নয় এবং বিদেশে চিকিৎসা করানো জরুরি, তা হলে সেই মতামত আদালত গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তবে অভিষেক এই নির্দেশ মানতে রাজি হননি। আদালতে তাঁর আইনজীবী জানান, তিনি এসএসকেএম হাসপাতালে যাবেন না। এরপরই হাই কোর্ট মামলাটি খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।


Share