Calcutta High Court

বিদেশযাত্রার অনুমতিতে ফের ধাক্কা অভিষেকের, দ্রুত শুনানির আবেদন খারিজ, তালিকা মেনেই হবে মামলার শুনানি

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ফের বিষয়টি উত্থাপন করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। কিন্তু বিচারপতি জানান, নির্ধারিত তালিকা মেনেই মামলার শুনানি হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১২:৩০

বিদেশযাত্রার অনুমতি সংক্রান্ত মামলায় ফের দ্রুত শুনানির আবেদন জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সোমবারও সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মামলার শুনানি নির্ধারিত তালিকা অনুযায়ীই হবে।

এর আগে গত মঙ্গলবারও দ্রুত শুনানির আবেদন করেছিলেন অভিষেকের আইনজীবী। তখনও আদালত জানায়, মামলাটি স্বাভাবিক প্রক্রিয়াতেই শুনানির তালিকায় আসবে। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ফের বিষয়টি উত্থাপন করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। কিন্তু বিচারপতি জানান, নির্ধারিত তালিকা মেনেই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি সেরে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় তাঁর চোখের নীচে গুরুতর আঘাত লাগে। প্রথমে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর পর বিদেশেও চিকিৎসা করাতে যেতে হয়েছিল তাঁকে।

জানা গিয়েছে, সেই চোখের চিকিৎসার প্রয়োজনেই ফের সাত দিনের জন্য বিদেশে যেতে চান অভিষেক। যদিও তাঁর বিদেশযাত্রায় সরাসরি কোনও নিষেধাজ্ঞা নেই, তবে একাধিক বিচারাধীন মামলায় নাম থাকায় তদন্তে সহযোগিতার শর্ত রয়েছে। সেই কারণেই বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে সফরের অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।


Share