Abhishek Banarjee

কণ্ঠস্বরের নমুনা কি দিতেই হবে? মঙ্গলবার হাই কোর্টে অভিষেকের বড় আইনি লড়াই, বিদেশযাত্রা, কালীঘাটে তল্লাশি ও সুমিত রায় মামলাতেও নজর আদালতের

মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের আদালতে শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। ফলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ দিনই কণ্ঠস্বরের নমুনা দিতে হবে কি না, তা সোমবার পর্যন্ত স্পষ্ট হয়নি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১১:১৪

বিধানসভা ভোটের প্রচারে ‘ডিজে বাজবে’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় নতুন আইনি মোড়। ওই মামলার তদন্তে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে বিধাননগর আদালত। তবে আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার অবশ্য মামলাটির শুনানি হয়নি কলকাতা হাই কোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস জানিয়ে দেয়, মামলাটি মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের আদালতে শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। ফলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ দিনই কণ্ঠস্বরের নমুনা দিতে হবে কি না, তা সোমবার পর্যন্ত স্পষ্ট হয়নি। এর আগে অভিষেকের বক্তব্য ছিল, প্রচারে ব্যবহৃত কণ্ঠস্বর তাঁরই তা তিনি স্বীকার করেছেন। সে ক্ষেত্রে আলাদা করে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার প্রয়োজনীয়তা কোথায়, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের দ্রুত শুনানিতে রাজি হয়নি কলকাতা হাই কোর্ট। সোমবার তাঁর আইনজীবীরা জরুরি ভিত্তিতে মামলাটি শুনানির আর্জি জানালেও বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করেন, নির্ধারিত মামলার তালিকা অনুযায়ীই শুনানি হবে। এই মামলায় দ্রুত শুনানির প্রয়োজনীয়তা রয়েছে বলে আদালত মনে করেনি। এ দিন একই বেঞ্চে তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলারও দ্রুত শুনানির আবেদন জানান দলের আইনজীবী অভিষেক মনু সিংভি। সেই আবেদনও খারিজ করে দেয় আদালত।

পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিযুক্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহকারী সুমিত রায়। ওই মামলায় গ্রেফতারি এড়াতে তিনি কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। এই মামলার তদন্তের সূত্রেই গত ১৩ জুন গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। সোমবার মামলার শুনানিতে আদালত নির্দেশ দিয়েছে, ওই রাতের সমস্ত সিসিটিভি ফুটেজ এবং অভিযানে থাকা পুলিশকর্মীদের বডি-ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এ দিন নির্দেশ দিয়েছে, সুমিত রায়কে গ্রেফতারের উদ্দেশ্যে গত ১৩ জুন গভীর রাতে ১২১ কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভেঙে তল্লাশির সময়কার সমস্ত সিসিটিভি ফুটেজ, পুলিশের বডি-ক্যামেরার রেকর্ডিং এবং সংশ্লিষ্ট সমস্ত নথি সংরক্ষণ করতে হবে। অভিযোগ, ওই অভিযানে পুলিশ কোনও ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে প্রবেশ করেছিল। পাশাপাশি, মামলার সব পক্ষকে আগামী পাঁচ সপ্তাহের মধ্যে হলফনামা এবং তার জবাবি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। 


Share