Special Intensive Revision

কেন্দ্রীয় বাহিনীর পাহারা সত্ত্বেও কীভাবে সিইও দফতরে ভিতরে তৃণমূলপন্থী বিএলও-দের বিক্ষোভ! হৈচৈ গেটের বাইরে

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এত কড়া নিরাপত্তা ও একাধিক স্তরের পাহারার মধ্যেও কীভাবে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিইও-র ঘরের সামনে বিক্ষোভ দেখাতে পারল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

তৃণমূলপন্থী বিএলও-দের বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১২:৪৩

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজকর্মের জেরে হয়রানির অভিযোগ তুলে শুক্রবার তৃণমূলপন্থী বিএলও-রা বিক্ষোভ দেখালেন। তাদের ডাকে সিইও দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই সিইও অফিস চত্বরে পুলিশ মোতায়েন করা হয়। গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে ঘিরে ফেলা হয় গোটা দফতর এলাকা, যাতে কোনও ভাবেই বিক্ষোভকারীরা ভিতরে ঢুকতে না পারেন।

বিক্ষোভ চলাকালীন এক ট্রান্সজেন্ডার-সহ আরও এক বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং অসুস্থদের ঘিরে ধরে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে ডেপুটেশন জমা দেওয়ার জন্য সিইও দফতরের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়।

তবে দফতরের ভিতরে ঢোকার পরই ওই পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিইও-র ঘরের সামনে বিক্ষোভ শুরু করেন বলে অভিযোগ। তাদের দাবি, ট্রান্সজেন্ডারদের সিইও অফিসে ঢুকতে দেওয়া হয়নি। ট্রান্সজেন্ডার বলে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, সিইও দফতরের সামনে শুরু থেকেই কড়া পুলিশি নিরাপত্তা ছিল। পাশাপাশি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেখানে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এত কড়া নিরাপত্তা ও একাধিক স্তরের পাহারার মধ্যেও কীভাবে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিইও-র ঘরের সামনে বিক্ষোভ দেখাতে পারল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।


Share