State of India

এসবিআই গ্রাহকদের জন্য বড় ধাক্কা! অনলাইন আইএমপিএস-এ বসছে চার্জ, কার্যকর ১৫ ফেব্রুয়ারি থেকে

১৫ ফেব্রুয়ারি থেকে এসবিআইয়ের অনলাইন আইএমপিএস লেনদেনে বড় বদল। ২৫ হাজার টাকার বেশি ট্রান্সফারে এবার সার্ভিস চার্জ ও জিএসটি দিতে হবে গ্রাহকদের।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১১:০৫

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের অনলাইন আইএমপিএস লেনদেনের নিয়মে বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছে। এই নিয়ম আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলেছে। দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এতদিন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অনলাইন আইএমপিএস লেনদেনে কোনও অতিরিক্ত ফি নিত না, তবে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ২৫ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সার্ভিস চার্জ দিতে হবে।

ব্যাঙ্কের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই নতুন চার্জ কেবলমাত্র ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং ইয়োনো অ্যাপের মাধ্যমে করা অনলাইন লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যেখানে ব্যাঙ্কের শাখায় গিয়ে আইএমপিএস করার ক্ষেত্রে চার্জের কোনও পরিবর্তন করা হচ্ছে না।

​নতুন এই কাঠামোর অধীনে ২৫ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত অনলাইন আইএমপিএস লেনদেনের জন্য গ্রাহককে ২ টাকা এবং তার সঙ্গে জিএসটি দিতে হবে। একইভাবে লেনদেনের পরিমাণ এক লক্ষ টাকা থেকে দু'লক্ষ টাকার মধ্যে হলে সার্ভিস চার্জ বাবদ ছ'টাকা ও জিএসটি এবং দু'লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা ও জিএসটি ধার্য করা হবে। বর্তমানে স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা আইএমপিএস-এর মাধ্যমে দিনে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন, যা এই নতুন সার্ভিস চার্জের আওতাভুক্ত থাকবে।


Share    

SBI