Accident

ভিআইপি রোডে ফের মৃত্যুফাঁদ! লরির ধাক্কায় ৬৫ বছরের বৃদ্ধের মৃত্যু, আশঙ্কাজনক বাইকচালক, কেষ্টপুরে পথ অবরোধ স্থানীয়দের

পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তাঁরা ব্যারিকেড ও গার্ডরেল রাস্তায় ফেলে পথ অবরোধ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগও ওঠে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ আগস্ট ২০২৬ ০৯:৩৭

ভিআইপি রোডে ফের পথদুর্ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে কেষ্টপুর এলাকায় উত্তেজনা ছড়াল। বাড়ি ফেরার পথে অ্যাপ মোটরসাইকেলে থাকা এক ৬৫ বছরের বৃদ্ধকে পিছন দিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় বাইক চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তাঁরা ব্যারিকেড ও গার্ডরেল রাস্তায় ফেলে পথ অবরোধ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগও ওঠে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজা রাঠি (৬৫)। নারায়ণতলার বাসিন্দা রাজা মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ বড়বাজার এলাকা থেকে একটি অ্যাপ মোটরসাইকেলে চেপে উল্টোডাঙা থেকে বিমানবন্দরমুখী ফ্ল্যাঙ্ক ধরে বাড়ি ফিরছিলেন। কেষ্টপুরের কাছে রাস্তার একটি গার্ডরেল পাশ কাটিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে বাইকচালক ও আরোহী দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রাজা রাঠির মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় অ্যাপ বাইকের চালক শিবেশ ঝাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কেষ্টপুর এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, ভিআইপি রোডের এই অংশে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। রাস্তার উপর অপরিকল্পিত ভাবে বসানো ব্যারিকেড ও গার্ডরেলের কারণেই বার বার এমন বিপর্যয় ঘটছে বলে তাঁরা দাবি করেন। ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাস্তার উপর গার্ডরেল ফেলে পথ অবরোধ শুরু করেন। খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোলে পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগও ওঠে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় ভিআইপি রোডে যান চলাচল ব্যাহত হয়। লরিটির গতিবেগ কত ছিল এবং দুর্ঘটনার পিছনে চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।


Share