Murder Case

রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কিছু! সাঁইথিয়ায় তৃণমূল সমর্থককে কুপিয়ে খুন

স্থানীয়দের দাবি, কাজল শেখ এলাকায় তৃণমূল কংগ্রেসের সক্রিয় সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০২:৩৮

দিকে দিকে ধরা পড়ছে রাজনৈতিক সংঘর্ষের ছবি। এবার এক তৃণমূল সমর্থককে নৃশংসভাবে খুন করার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার গভীর রাতে সাঁইথিয়ার তেকড্ডা মোড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম কাজল শেখ। তিনি সাঁইথিয়া থানার কুরুমশাহ গ্রামের বাসিন্দা। তেকড্ডা মোড়ে তাঁর একটি মোটরসাইকেলের গ্যারেজ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবার রাতেও দোকান বন্ধ করে কাজল বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় তেকড্ডা মোড়ের কাছে একটি কালভার্টের সামনে কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়। আচমকাই ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালানো হয়। এলোপাথাড়ি কোপে তিনি গুরুতর জখম হন। তৎক্ষণাৎ রাস্তাতেই লুটিয়ে পড়েন। এরপর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। রক্তাক্ত অবস্থায় কাজল শেখকে উদ্ধার করা হয়। প্রথমে তাঁর স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তাঁকে দ্রুত বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, কাজল শেখ এলাকায় তৃণমূল কংগ্রেসের সক্রিয় সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন। যদিও এই খুনের ঘটনায় রাজনৈতিক কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু জানিয়েছেন, ‘রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুন, তা তদন্ত করে দেখুক পুলিশ।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হামলায় জড়িতদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।


Share