TMC Leader Arrested

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়ে কুরুচিকর পোস্টের অভিযোগ সমাজমাধ্যমে, বীরভূমে আটক তৃণমূল নেতা

অভিযুক্ত তৃণমূলের স্থানীয় নেতা সুকুমার আচার্যকে পুলিশের হাতে তুলে দেন বিজেপি কর্মীরা। অন্যদিকে, একই দিনে বীরভূমে তৃণমূল ছেড়ে প্রায় দেড়শো পরিবার সিপিএমে যোগ দিয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০৮:৫৩

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য। এমনই অভিযোগকে ঘিরে বীরভূমে উত্তেজনা ছড়াল। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতা মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর ভাষায় পোস্ট করেছিলেন। ঘটনার প্রতিবাদে তাঁকে পুলিশের হাতে তুলে দেন বিজেপি কর্মীরা। পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন তাঁরা।

অভিযুক্তের নাম সুকুমার আচার্য ওরফে শোভন আচার্য। তিনি বীরভূম জেলার রাজনগর ব্লকের জয়পুর গাঙমুড়ি এলাকার বাসিন্দা। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একাধিক অবমাননাকর মন্তব্য করেছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়। পরে রাজনগর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়।

রবিবার অভিযোগের ভিত্তিতে পুলিশ এলাকায় পৌঁছোয়। সেই সময় স্থানীয় বিজেপি কর্মীরা সুকুমার আচার্যকে ঘিরে ধরেন। অভিযোগ, তাঁকে ধাওয়া করা হয়। আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই সময় বিজেপি কর্মীদের ‘চোর চোর’ স্লোগান দিতেও দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

বিজেপির আদিবাসী মোর্চার বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি সুনীল মুর্মূ বলেন, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্যে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁর দাবি, এই ধরনের মন্তব্যের জন্য অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সুকুমার আচার্যকে আটক করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় করা তাঁর পোস্ট ও মন্তব্যগুলি খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্তও শুরু হয়েছে।

এ দিকে, একই দিনে বীরভূমে রাজনৈতিক শিবির বদলের ঘটনাও সামনে এসেছে। রবিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় দেড়শো পরিবার সিপিএমে যোগ দিয়েছে বলে দাবি করা হয়েছে। দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কয়থানপুর গ্রামে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিপিএমের বক্রেশ্বর এরিয়া কমিটির সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্যের দাবি, বিজেপির বিরুদ্ধে কার্যকর লড়াই করার ক্ষমতা একমাত্র সিপিএমেরই রয়েছে। সেই কারণেই এতগুলি পরিবার তাঁদের দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


Share