Molestation

বীরভূমে ফের ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পঞ্চায়েত উপ-প্রধানের স্বামী

ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার সকালে ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নলহাটি
  • শেষ আপডেট: ০৯ আগস্ট ২০২৬ ০৪:৪১

বীরভূমে ফের ধর্ষণের অভিযোগ। নলহাটি থানার কয়থা ২ পঞ্চায়েতের গোসাইপুর গ্রামে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তি পঞ্চায়েতের উপ-প্রধানের স্বামী বলে জানা গিয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। শনিবার রাতে নলহাটি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। রবিবার সকালে ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা শুক্রবার রাতে বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, সেই সময় অভিযুক্ত জোর করে তাঁর বাড়িতে ঢুকে পড়েন। অভিযোগ, এরপর তাঁকে ধর্ষণ করা হয়। ঘটনার পর শনিবার নলহাটি থানায় ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে। রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এর মধ্যেই বীরভূমে ধর্ষণ সংক্রান্ত আরও একটি অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ৫ অগাস্ট গভীর রাতে পাঁচিল টপকে বাড়িতে ঢুকে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে গ্রামের কয়েক জন যুবকের বিরুদ্ধে। ঘটনার পর মানসিক ও শারীরিক ভাবে বিপর্যস্ত হয়ে ওই মহিলা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ।

পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ঘটনায় ইতিমধ্যেই এক জনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। পর পর এই ধরনের অভিযোগে বীরভূমে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।


Share