Ashis Banerjee

ঝুলন্ত দেহ, উদ্ধার চিঠি, ‘সুইসাইড নোট’ সন্দেহ! আশিসের বাড়িতে ফরেনসিক তদন্ত, পরিবারের পাশে বিজেপি

যদিও এ বিষয়ে তদন্তকারীদের তরফে এখনও সরকারি ভাবে কোনও মন্তব্য করা হয়নি। আত্মহত্যার কারণ কী, এর নেপথ্যে কারও প্ররোচনা ছিল কি না, থাকলে কারা জড়িত এই সমস্ত বিষয় তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ বিজেপির প্রতিনিধিদলের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ০৯:৫৩

রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার এবং রামপুরহাটের পাঁচ বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর বিজেপির প্রতিনিধিদল তাঁর বাড়িতে পৌঁছোল। একই সঙ্গে রহস্যমৃত্যুর তদন্তে ফরেন্সিক দলও তাঁর বাসভবনে যায়। বাড়ির একতলার যে ঘর থেকে সত্তরোর্ধ্ব আশিসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল, সেখান থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।

রবিবার সাতসকালে বাড়ির একতলায় থাকা আশিস বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস থেকে পুলিশ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চিঠিও উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে সেটিকে সুইসাইড নোট বলে তদন্তকারী মনে করছেন। রবিবারই রামপুরহাট মেডিকেল কলেজে প্রাক্তন বিধায়কের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে তারাপীঠ শ্মশানে তাঁর দাহকার্য সম্পন্ন করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার সম্ভাবনাই জোরালো হয়েছে। যদিও এ বিষয়ে তদন্তকারীদের তরফে এখনও সরকারি ভাবে কোনও মন্তব্য করা হয়নি। আত্মহত্যার কারণ কী, এর নেপথ্যে কারও প্ররোচনা ছিল কি না, থাকলে কারা জড়িত এই সমস্ত বিষয় তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

এই পরিস্থিতিতে সোমবার বিজেপির বীরভূম জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়, রামপুরহাটের বর্তমান বিধায়ক ধ্রুব সাহা, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা এবং মহিলা মোর্চার বীরভূম জেলা সভানেত্রী রশ্মি দে-সহ দলের এক প্রতিনিধিদল আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছোয়। সেখানে তাঁরা প্রয়াত রাজনীতিকের পুত্র শতদল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। পরে আশিসের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও বিজেপি নেতারা কথা বলেন। আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করে পরিবারের প্রতি তাঁরা সমবেদনা জানান। পাশাপাশি বর্তমান রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন উল্লেখযোগ্য ভাবে, ভোটে আশিসকে হারিয়েই ধ্রুব বিধায়ক হয়েছেন। আবার এক সময় বাংলার শিক্ষক হিসেবে ধ্রুবর শিক্ষকও ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়।

দুপুরে আশিস বন্দ্যোপাধ্যায়ের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল বাড়িতে পৌঁছোয়। যে ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছিল, সেটি ফিতে দিয়ে ঘিরে রাখা হয় এবং তদন্তের স্বার্থে সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরে ওই ঘরে ঢুকে ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। কাজ শেষে তাঁরা বেরিয়ে গেলেও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

বিধানসভা ভোটের পর তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এ বার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন। চিঠিতে টিআরডিএ-সহ বিভিন্ন উন্নয়ন পর্ষদে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, ভোটের ফল প্রকাশের পর আশিসকে প্রকাশ্যে হেনস্থার যে অভিযোগ উঠেছে, সেই ঘটনায় অভিযুক্ত ‘হেনস্থাকারীদের’ও তদন্তের আওতায় আনার জন্য পদক্ষেপ করতে ঋতব্রত শুভেন্দুকে আবেদন জানিয়েছেন।


Share