Tchoukball

জাতীয় সিনিয়র চকবল চ্যাম্পিয়নশিপে ভারত সেরা পশ্চিমবঙ্গ, জাতীয় শিরোপা জিতে ট্রফি রাজ‍্যে নিয়ে আসছে ছেলেরা

রাজ্য চকবল অ্যাসোসিয়েশনের সভাপতি দিবাকর রায় বলেন, “এই জয় ছেলেদের ঘাম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের ফসল।” তিনি খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করে আরও বলেন, “খেলাধুলায় সাফল্য রাতারাতি আসে না। এটি ধারাবাহিক কঠোর পরিশ্রম। মানসিক দৃঢ়তা এবং নিজের প্রতি বিশ্বাসের ফল।”

চকবলে ভারতসেরা পশ্চিমবঙ্গ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১২:০৭

চকবলে ভারতসেরা হল পশ্চিমবঙ্গ। ১৬তম জাতীয় সিনিয়র চকবলের শিরোপা জিতে নিল  রাজ‍্যের ছেলেরা। ফাইনালে পশ্চিমবঙ্গ গোয়াকে হারিয়ে এই ট্রফি জিতে নিয়েছে। গোয়ার মারগাঁওয়ে অনুষ্ঠিত ১৬তম জাতীয় সিনিয়র চকবল চ্যাম্পিয়নশিপ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের পর্ব শেষ হয়েছেদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেরা চকবল খেলোয়াড়েরা টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করছেন। যেখানে দক্ষতা, কৌশল এবং ক্রীড়াসুলভ মানসিকতার অসাধারণ প্রদর্শন দেখা গিয়েছে।

রাজ্যের এই সাফল্য নিয়ে রাজ্য চকবল অ্যাসোসিয়েশনের সভাপতি দিবাকর রায় বলেন, “এই জয় ছেলেদের ঘাম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের ফসল।” তিনি খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করে আরও বলেন, “খেলাধুলায় সাফল্য রাতারাতি আসে না। এটি ধারাবাহিক কঠোর পরিশ্রম। মানসিক দৃঢ়তা এবং নিজের প্রতি বিশ্বাসের ফল।”

এই জয় রাজ‍্যের ক্রীড়া জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।  রাজ্য চকবল অ্যাসোসিয়েশনের দাবি, খেলোয়াড় এবং কোচিং স্টাফেরা দীর্ঘদিনের কঠোর পরিশ্রম করেছেন। এই ফল তাঁদের শৃঙ্খলা ও নিষ্ঠারই প্রতিফলন। তাঁরা এ-ও জানিয়েছেন, পুরো টুর্নামেন্ট জুড়ে দলের অসাধারণ দলগত সমন্বয়, কৌশলগত দক্ষতা এবং দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছে। এর ফলেই শক্তিশালী প্রতিপক্ষদের পরাজিত করে রাজ‍্য ফাইনালে পৌঁছোয়। গোয়ার বিরুদ্ধে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল দলের ছেলেরা। সংযত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা নিজেদের দখলে আনে।

যেখানে ছেলেদের বিভাগে গোয়াকে হারিয়ে পশ্চিমবঙ্গ চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে মেয়েদের বিভাগে শিরোপা জিতেছে আয়োজক রাজ্য গোয়া। ফাইনালে গোয়ার মেয়েদের দল পশ্চিমবঙ্গকে পরাজিত করে জাতীয় খেতাব অর্জন করেছে। গোয়ার এই সাফল্য রাজ্যে চকবলের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলেই আশাবাদী তাঁরা।

পশ্চিমবঙ্গের মেয়েদের দলকে ফাইনালে পৌঁছানোর জন্য অভিনন্দন জানিয়ে রাজ‍্য সভাপতি দিবাকর রায়। রাজ‍্যের মহিলা খেলোয়াড়দের নিষ্ঠা ও দলগত চেতনাকে প্রশংসা করেন তিনি। দিবাকর রায় বলেন, “জাতীয় মঞ্চে দাঁড়ানো যেন স্বপ্নপূরণের মতো।” দলের সাফল্যের কৃতিত্ব তিনি কঠোর অনুশীলন, ঐক্য এবং উৎকর্ষ সাধনের অদম্য ইচ্ছাকে দেন।

উল্লেখ্য, সুইজারল্যান্ডে উদ্ভূত চকবল একটি ‘নন-কন্ট্যাক্ট’ দলগত খেলা। যা ভারতে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। দ্রুতগতির এই খেলায় খেলোয়াড়দের চমৎকার প্রতিক্রিয়াশক্তি, গতি, সমন্বয় এবং স্থান সম্পর্কে সচেতনতা থাকতে হয়। অন্যান্য অনেক প্রতিযোগিতামূলক খেলার তুলনায় চুকবলে পারস্পরিক সম্মান, ন্যায্য খেলা এবং দলগত কাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। খেলাটিকে তাই অনন্য ও আকর্ষণীয় করে তুলেছে।

সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণেশ গাওনকর। তিনি গোয়া বিধানসভার স্পিকার তথা ওই রাজ‍্যের চকবল অ্যাসোসিয়েশনের সভাপতি। পাশাপাশি পঞ্জাবের পুলিশের এডিজি তথা জাতীয় চকবল ফেডারেশনের সভাপতি ফইয়াজ ফারুকি এবং উলহাস তুয়েনকর উপস্থিত ছিলেন। তাঁরাই খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এই জাতীয় চ্যাম্পিয়নশিপে দেশের প্রায় ২২টি রাজ্য থেকে প্রতিনিধি ও দল অংশগ্রহণ করেছিল।


Share