Narendra Modi

মোদীর ২৫ বছরের রাজনৈতিক সফর, ‘২০৪৭: বিকশিত ভারত’ গড়ার ডাক, সেবা জ্যোতিতে নতুন সংকল্প প্রধানমন্ত্রীর

গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথগ্রহণের ২৫ বছর পূর্তির দিনেই নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি। একই সঙ্গে আগামী দিনের লক্ষ্য হিসেবে সামনে আনলেন নতুন স্লোগান—‘২০৪৭: বিকশিত ভারত, উই উইল ডু ইট’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ০৪:২৭

দেশজুড়ে পালিত হচ্ছে ‘সেবা জ্যোতি’ কর্মসূচি। বুধবার দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথগ্রহণের ২৫ বছর পূর্তির দিনেই নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি। একই সঙ্গে আগামী দিনের লক্ষ্য হিসেবে সামনে আনলেন নতুন স্লোগান—‘২০৪৭: বিকশিত ভারত, উই উইল ডু ইট’।

প্রধানমন্ত্রীর ভাষণে এদিনও উঠে এল বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ। মোদি বলেন, অতীতে দেশে কোনও বড় সঙ্কট এলেই অর্থনীতি ধাক্কা খেত এবং সমাধানের জন্য আমদানির পথ খোঁজা হত। তাঁর দাবি, গত ১২ বছরে দেশের পরিস্থিতি অনেকটাই বদলেছে। এখন ভারত নিজের সমস্যার সমাধান নিজেই করছে।

মোদী বলেন, ‘‘আমরা মানবতার সেবক। দিন-দুঃখীদের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কোটি কোটি স্বয়ংসেবক এবং কর্মীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’’ ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ‘উই উইল ডু ইট’ মন্ত্রকে সামনে রেখে তিনি বলেন, এই দিনটি শুধু অতীতকে স্মরণ করার জন্য নয়, বরং নিজেদের সংকল্পে নতুন শক্তি সঞ্চারেরও সময়।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘১৪০ কোটি ভারতীয়ের উপর আমার বিশ্বাস রয়েছে। আমার ২৫ বছরের অভিজ্ঞতা আমাকে বলে, আমরা আমাদের চোখের সামনেই ভারতের উন্নয়ন ঘটতে দেখব।’’

দেশের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ প্রসঙ্গেও এদিন সরব হন মোদী। তাঁর দাবি, মাওবাদী সমস্যা কার্যত শেষ করা সম্ভব হয়েছে। একসময় মাওবাদকে দেশের দুর্ভাগ্য হিসেবে মেনে নেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সন্ত্রাসবাদ দমনে সরকারের কড়া অবস্থানের কথা তুলে ধরে মোদি বলেন, ‘‘দেশবাসী মেনে নিয়েছিল সন্ত্রাসবাদ দমন সম্ভব নয়। আমরা ঘরে ঢুকে মেরেছি, শত্রুদের বুঝিয়ে দিয়েছি আমাদের শক্তি।’’

নিজের রাজনৈতিক জীবনের নানা ঘটনার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি ঘটনা তাঁকে নতুন কিছু শিখিয়েছে। ভুজের ভূমিকম্প তাঁকে পুনর্নির্মাণের জন্য সংকল্পে স্থির থাকতে শিখিয়েছে এবং কোভিড পরিস্থিতি থেকেও শিক্ষা নিয়েছেন তিনি। মোদির কথায়, রাষ্ট্রের সেবা করতে গিয়ে কখনও নিজেকে একা মনে হয়নি।

কলকাতাতেও এ দিন ‘সেবা জ্যোতি’ কর্মসূচির আয়োজন করা হয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই বসে প্রধানমন্ত্রীর ভাষণ শোনেন তিনি। শুভেন্দু বলেন, ‘‘আজকের দিন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। নরেন্দ্র মোদী নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, বলেন প্রধান সেবক।’’

উল্লেখ্য, ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। কেশুভাই পটেলের পর গুজরাতের চতুর্দশ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। সেই শপথগ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার দেশজুড়ে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে বিজেপি।


Share