Middle East Conflict

যুদ্ধের আঁচ এ বার ভারতের হেঁশেলে! পেট্রল-ডিজেল থেকে রান্নার গ্যাস, বড় মূল্যবৃদ্ধির আশঙ্কায় উদ্বিগ্ন দেশ

আরবিআই গভর্নর জানান, ভারত এখনও জ্বালানি তেল ও সারের মতো গুরুত্বপূর্ণ পণ্যের জন্য ব্যাপকভাবে বিদেশের উপর নির্ভরশীল।

আরবিআই গর্ভনর সঞ্জয় মালহোত্রা
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০২:৫৬

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকটের আশঙ্কা। এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে দেশে পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি প্রায় অনিবার্য বলেই ইঙ্গিত দিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। তাঁর বক্তব্যে স্পষ্ট, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব এ বার সরাসরি পড়তে চলেছে দেশের সাধারণ মানুষের উপরেও।

আরবিআই গভর্নর জানান, ভারত এখনও জ্বালানি তেল ও সারের মতো গুরুত্বপূর্ণ পণ্যের জন্য ব্যাপকভাবে বিদেশের উপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে। এতদিন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও, সূত্রের খবর, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে কেন্দ্রীয় স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এই আবহে দেশবাসীকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এক বার্তায় তিনি অপ্রয়োজনীয় খরচ কমানোর পাশাপাশি বাড়ি থেকে কাজের সংস্কৃতি ফের চালু করার পরামর্শ দিয়েছেন। বিদেশ ভ্রমণ ও ডেস্টিনেশন ওয়েডিং আপাতত এড়িয়ে চলার আবেদনও জানিয়েছেন তিনি। পাশাপাশি সোনা কেনা ও ভোজ্য তেলের ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, দেশে এখনও জ্বালানির সরবরাহে কোনও ঘাটতি তৈরি হয়নি, তবে বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৯৯৩ টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অটো এলপিজির দামও লিটার প্রতি ছ'টাকা ৪৪ পয়সা পর্যন্ত বেড়েছে।

এতদিন পর্যন্ত কেন্দ্র বা সংশ্লিষ্ট সংস্থাগুলি সরাসরি জ্বালানির দাম বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মুখ না খুললেও, আরবিআই গভর্নরের সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনা আরও জোরালো হয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে, খুব শীঘ্রই পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। আন্তর্জাতিক সংঘাতের প্রভাব যে এবার দেশের মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের হেঁশেলেও পড়তে চলেছে, তা ক্রমেই স্পষ্ট হচ্ছে।


Share