Fire at Airplane

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা ২৮৯ জন

সেখানে দেখা গিয়েছে, বিমানের ডান দিকের ল্যান্ডিং গিয়ারে আগুন জ্বলছে এবং সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।

এই বিমানে অগ্নিকাণ্ড
নিজস্ব সংবাদদাতা, কাঠমান্ডু
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০১:৩৩

বড়সড় দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পেল টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। সোমবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানের চাকায় আচমকা আগুন ধরে যায়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে সমস্ত যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, ইস্তাম্বুল থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭২৬ ফ্লাইটে মোট ২৭৮ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে রাষ্ট্রপুঞ্জের কয়েকজন আধিকারিকও ছিলেন বলে সূত্রের খবর। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিমানের ডান দিকের ল্যান্ডিং গিয়ারে আগুন জ্বলছে এবং সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।

ঘটনার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয় ত্রিভুবন বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

বিমানবন্দরের নিরাপত্তা সুপারিন্টেন্ডেন্ট রাজকুমার সিলওয়াল জানিয়েছেন, অবতরণের সময় বিমানের একটি চাকায় হঠাৎ আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গেই আপৎকালীন দরজা খুলে যাত্রীদের নামিয়ে আনা হয়। কী কারণে এই আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


Share