Fire at Train

চলন্ত রাজধানী এক্সপ্রেসেরর এসি কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

চলন্ত অবস্থাতেই বি-ওয়ান কোচ থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান ট্রেনের গার্ড। তড়িঘড়ি তিনি লোকো পাইলটকে সতর্ক করেন। দ্রুত ট্রেন থামিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।

চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০২:১৯

রবিবার ভোরে তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের এসি কোচে ভয়াবহ অগ্নিকাণ্ড। কোটা রেল ডিভিশনের অন্তর্গত মধ্যপ্রদেশের লুনি রিছা ও বিক্রমগড় আলট স্টেশনের মাঝামাঝি এলাকায় আচমকাই আগুন ধরে যায় ট্রেনের বি-ওয়ান কোচে। তবে রেলকর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঘটনার জেরে দিল্লি-মুম্বই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, চলন্ত অবস্থাতেই বি-ওয়ান কোচ থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান ট্রেনের গার্ড। তড়িঘড়ি তিনি লোকো পাইলটকে সতর্ক করেন। দ্রুত ট্রেন থামিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। রেলপুলিশ, আরপিএফ এবং রেলের কর্মীরা মাত্র ১৫ মিনিটের মধ্যে কোচের সমস্ত যাত্রীকে নিরাপদে বাইরে বের করে আনেন।

পশ্চিম মধ্য রেলওয়ের কোটা ডিভিশন এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনায় কোনও যাত্রী বা রেলকর্মী আহত হননি। আগুন লাগার পরই লাইনের ওভারহেড বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে ক্ষতিগ্রস্ত বি-ওয়ান কোচটিকে ট্রেন থেকে আলাদা করা হয়।

ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিক ও দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের জেরে জয়পুর সুপারফাস্ট এক্সপ্রেসকে আপাতত মাহিদপুর রোড স্টেশনে আটকে রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল।


Share