Middle East Conflict

আরও একটি তেলের ট্যাঙ্কার রওনা হল ভারতের উদ্দেশ্যে, এখনও আটকে ২৭টি জাহাজ, জানাল জাহাজ মন্ত্রক

মধ‍্যপ্রাচ‍্যে যুদ্ধ শুরুর পরে প্রথম তেলবাহী জাহাজ ভারতে এসেছে। আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে আটকে পড়েছিল জাহাজটি। জাহাজটিতে ১ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টনের বেশি অপরিশোধিত তেল রয়েছে।

সাংবাদিক বৈঠক করছেন জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশকুমার সিংহ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১০:১১

আরও একটি তেলবাহী জাহাজ ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। শুক্রবার জাহাজ মন্ত্রক এমনটাই জানিয়েছে। তবে এখনও পর্যন্ত ২৭টি জাহাজ আটকে রয়েছে। নাবিকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় দূতাবাস তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে।

কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক জানিয়েছে, যে জাহাজটি ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে তার নাম ‘জগ প্রকাশ’। এটি একটি তেলবাহী জাহাজ। মোট চারটি ভারতের পতাকাবাহী জাহাজ হরমুজ প্রণালীর পূর্ব দিকে গালফ অফ ওমানে আটকে ছিল। তার মধ্যে এই ‘জগ প্রকাশ’ ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু এখনও সেখানে তিনটি জাহাজ আটকে রয়েছে।

জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশকুমার সিংহ জানিয়েছেন, হরমুজ প্রণালীর পশ্চিম দিকে এখনও ২৪টি জাহাজ আটকে রয়েছে। সবকটি ভারতের পতাকা বহন করছে। ৬৭৭ জন নাবিক রয়েছেন। তিনি আরও জানিয়েছেন, হরমুজ প্রণালী এবং গালফ অফ ওমানে প্রায় ২৭ হাজার নাবিক-সহ কর্মী আটকে পড়েছে। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি এই বিষয়ে বলতে গিয়ে জানান, “গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমরা টোল ফ্রি নম্বর চালু করেছি। তাতে দু’হাজারের বেশি কল আমরা পেয়েছি। তাঁদের মধ্যে নাবিকদের উদ্বিগ্ন পরিবারের সদস্যেরাও রয়েছেন। আমারা দুই দেশের দূতাবাসের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”

উল্লেখ্য, মধ‍্যপ্রাচ‍্যে যুদ্ধ শুরুর পরে প্রথম তেলবাহী জাহাজ ভারতে এসেছে। আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে আটকে পড়েছিল জাহাজটি। জাহাজটিতে ১ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টনের বেশি অপরিশোধিত তেল রয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি গত ৮ মার্চ হরমুজ প্রণালীতে আটকে পড়েছিল। তার পরে ওমান উপসাগর এবং আরব সাগর হয়ে বুধবার জাহাজটি মুম্বই বন্দরে এসে পৌঁছোয়। জাহাজটির নাম ‘শেনলং সুয়েজম‍্যাক্স’। বুধবার সেটি মুম্বই বন্দরে পৌঁছেছে।


Share