Street Dog

ফের ২০০ পথকুকুর হত্যার অভিযোগ, লিথাল ইঞ্জেকশন দিয়ে তেলেঙ্গানার মৃত কুকুরের সংখ্যা বেড়ে ১১০০

করিমনগরের ‘স্ট্রে অ্যানিম্যাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’ স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি আদিলাপুরম গৌতম জানিয়েছেন, পথকুকুর মৃত্যুর ঘটনায় তাঁদের সংস্থার তরফে একাধিক জায়গায় তদন্ত চালানো হয়। গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাঁরা জানতে পারেন, পঞ্চায়েত প্রধানের উসকানিতেই গণ হারে পথকুকুর মারা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, তেলেঙ্গানা
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০২:৩১

তেলেঙ্গানা একের পর এক ঘটে চলেছে পথকুকুর খুনের ঘটনা। অভিযোগ উঠছে, তেলেঙ্গানার হানমকোন্ডায় ফের ২০০ টি পথকুকুরকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে শুরু করে ওই রাজ্যে এখন পর্যন্ত ১১০০-র বেশি পথকুকুরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই পথকুকুর হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার পশুপ্রেমী সংস্থার কর্মী আদিলাপুরম গৌতম শায়মপেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

করিমনগরের ‘স্ট্রে অ্যানিম্যাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’ স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি আদিলাপুরম গৌতম জানিয়েছেন, পথকুকুর মৃত্যুর ঘটনায় তাঁদের সংস্থার তরফে একাধিক জায়গায় তদন্ত চালানো হয়। গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাঁরা জানতে পারেন, পঞ্চায়েত প্রধানের উসকানিতেই গণ হারে পথকুকুর মারা হচ্ছে।

তিনি আরোও জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর থেকে পথকুকুর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। মৃত কুকুরের দেহগুলো মাটির নীচে পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ। গৌতম এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

শায়মপেট থানার পুলিশ জানিয়েছে, নতুন করে দায়ের করা অভিযোগের সঙ্গে আগের ঘটনাগুলিরও তদন্ত করা হচ্ছে। এর আগে হানমকোন্ডা জেলার শায়মপেট এবং আরেপল্লি গ্রামে কমবেশি ৩০০ পথকুকুর হত্যার ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছিল। সেই ঘটনায় ইতিমধ্যেই দু'জন মহিলা সরপঞ্চ এবং তাঁদের স্বামী-সহ মোট নয় জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, তেলেঙ্গানার বিভিন্ন জেলায় ক্রমাগত পথকুকুর হত্যার খবর সামনে আসছে। গত বছরের ডিসেম্বর মাসে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকার জনপ্রতিনিধিরা গ্রামবাসীদের কাছে পথকুকুরের উৎপাত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই বর্তমানে পরিকল্পনামাফিক এই হত্যাকাণ্ড চালানো হচ্ছে।

পূর্বে সরপঞ্চ ও পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে ইয়াচারাম গ্রামে ১০০টি কুকুর হত্যাকাণ্ডের অভিযোগে মামলা হয়েছে৷ অন্যদিকে কামারেড্ডি জেলায় প্রায় ২০০টি কুকুর হত্যার দায়ে পাঁচজন সরপঞ্চ-সহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ ওঠে, জগতিয়াল জেলার পেগাদাপল্লী গ্রামেও ৩০০টি কুকুরকে একই ভাবে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। সেখানেও পুলিশ সরপঞ্চ এবং পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রতিটি ক্ষেত্রেই বিষাক্ত ইনজেকশন ব্যবহার করার খবর পাওয়া গিয়েছে।


Share