Election Commission

বীরভূমে তৃণমূল কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ক্যারম খেলার ভিডিয়ো ভাইরাল, সাসপেন্ড তিন জন

সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের ভিতরে কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান স্থানীয় কর্মীদের সঙ্গে ক্যারম খেলছেন। ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১১:৩২

ভোটের মুখে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, ঠিক সেই সময় বীরভূমে সামনে এল নতুন বিতর্ক। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায়, তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের ভিতরে কয়েক জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান স্থানীয় কর্মীদের সঙ্গে ক্যারম খেলছেন। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া তৈরি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত হস্তক্ষেপ করে নির্বাচন কমিশন। অভিযুক্ত তিন জওয়ানকে সাসপেন্ড করেছে তাঁরা।

এর আগে মুর্শিদাবাদের নিমতিতাতেও একই বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে এক তৃণমূল নেতার ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগে সাতজন বিএসএফের জওয়ানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। ফলে পরপর এমন ঘটনায় নির্বাচনকালে কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, সিউড়ির একটি তৃণমূল কার্যালয়ে ক্যারমবোর্ড ঘিরে বসে আছেন কয়েক জন। তাঁদের মধ্যে তিনজনের গায়ে কেন্দ্রীয় বাহিনীর পোশাক স্পষ্ট দেখা যায়। এক জওয়ানকে ক্যারমের ঘুঁটিতে টোকা মারতেও দেখা যায়। পাশে বসেও দাঁড়িয়ে থাকা কয়েক জন স্থানীয় যুবককে বিরোধীদের দাবি অনুযায়ী তৃণমূলের সক্রিয় কর্মী বলে চিহ্নিত করা হয়েছে। আদর্শ আচরণবিধি চালু থাকার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস‍্যেরা কীভাবে শাসকদলের কার্যালয়ে সময় কাটালেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

বিজেপির পক্ষ থেকে কমিশনের নজরে বিষয়টি আনার পরই তদন্ত শুরু হয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভিডিয়োর সত্যতা যাচাইয়ের পর তিন জওয়ানকে শনাক্ত করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের বাকি কোনও পর্যায়ে তাঁরা আর ডিউটিতে থাকতে পারবেন না।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের ২৯৪টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা। সুষ্ঠু ও অবাধ ভোট নিশ্চিত করতে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই পরিস্থিতিতে তিন জওয়ানের এমন আচরণ বাহিনীর নিরপেক্ষতা ও ভাবমূর্তি দুটো নিয়েই প্রশ্ন তুলেছে।

রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রের খবর, এই শাস্তি শুধু তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নয়, বরং পুরো বাহিনীর উদ্দেশে একটি স্পষ্ট বার্তা, নির্বাচনী দায়িত্বে সামান্য অসতর্কতা বা অনভিপ্রেত আচরণও বরদাস্ত করা হবে না। প্রয়োজনে তার প্রভাব ভবিষ্যতে সার্ভিস রেকর্ডেও থেকে যেতে পারে।


Share