Election Commission

৪০ লক্ষ বিবেচনাধীন ভোটারের নামের নিষ্পত্তি, বাদ প্রায় ১৮ লক্ষ, এখনও অপেক্ষায় ২০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ, খবর কমিশন সূত্রের

এরপর রবিবার পর্যন্ত ৪০ লক্ষের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে কমিশন সূত্রের খবর। এর মধ্যে ইতিমধ্যেই প্রায় ১৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এখনও প্রায় ২০ লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৭:৪৩

ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া চলাকালীন সঠিক নথি না থাকার কারণে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম 'আন্ডার অ্যাডজুডিকেশন' বা বিবেচনাধীন অবস্থায় ছিল। সেই বিবেচনাধীন ভোটারদের সংশোধনের প্রক্রিয়ায় কাজে নিযুক্ত রয়েছেন ৭০৫ জন জুডিশিয়াল অফিসারেরা। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। এরপর রবিবার পর্যন্ত ৪০ লক্ষের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে কমিশন সূত্রের খবর। এর মধ্যে ইতিমধ্যেই প্রায় ১৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এখনও প্রায় ২০ লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। নির্বাচন কমিশনের দাবি, প্রথম দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিলের আগেই বাকি সব আবেদন নিষ্পত্তি করা হবে।

এসআইআরের খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে এ পর্যন্ত মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এর পর প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের পর আরও প্রায় ১২ লক্ষ নাম বাদ পড়ে।

গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল। সেই সময় বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ছ'হাজার ৬৭৫। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কমিশন ধাপে ধাপে নিষ্পত্তি হওয়া তালিকা প্রকাশের কথা জানিয়েছিল। সেই অনুযায়ী সোমবার রাতে প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়। তবে ওই তালিকায় কত জনের তথ্য নিষ্পত্তি হয়েছে এবং কত জন নতুন করে তালিকাভুক্ত হয়েছেন, সে বিষয়ে কমিশন নির্দিষ্ট সংখ্যা জানায়নি।

এসআইআর শুরুর আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল সাত কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় বাদ পড়ে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ নাম, ফলে তালিকায় নাম থাকে সাত কোটি আট লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। পরে ২৮ ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকায় আরও পাঁচ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ যায়। সব মিলিয়ে ওই সময় পর্যন্ত মোট বাদের সংখ্যা দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২।

খসড়া তালিকায় থাকা সাত কোটি আট লক্ষ ১৬ হাজার ৬৩০ ভোটারের মধ্যে শুনানির জন্য চিহ্নিত করা হয় প্রায় এক কোটি ৫২ লক্ষ মানুষকে। এর মধ্যে ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬ জন ছিলেন ‘নো-ম্যাপিং’ ভোটার—যাঁরা ২০০২ সালের শেষ এসআইআরের সঙ্গে নিজেদের সংযোগ দেখাতে পারেননি। বাকি প্রায় এক কোটি ২০ লক্ষ ভোটারকে তথ্যগত অসঙ্গতির ভিত্তিতে শুনানির নোটিস পাঠানো হয়।

সব মিলিয়ে প্রায় এক কোটি ৪২ লক্ষ ভোটারের শুনানি সম্পন্ন হয়। তাঁদের মধ্যে ৮২ লক্ষ ভোটারের নথি নিয়ে ইআরও ও এইআরওদের মতামতের সঙ্গে কমিশন একমত হয়। কমিশনের দাবি, শুনানির ভিত্তিতে বাছাই করে ৫ লক্ষের বেশি নাম বাদ দেওয়া হয়েছিল। এরপর প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই তালিকা অনুযায়ী, বর্তমানে রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪, যার মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে।


Share