Police Transferred

১৪২ জন থানার ওসি, আইসিদের বদলি করল নির্বাচন কমিশন, কলকাতা পুলিশেও রদবদলের সিদ্ধান্তে সিলমোহর নির্বাচন সদনের

নির্দেশিকা অনুযায়ী, রাজ‍্য পুলিশের মোট ১৪২ জন থানার আইসি এবং ওসিদের বদলি করে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ৩১টি থানার ওসিকে বদলি করে দেওয়া হয়েছে।

থানার আধিকারিকদের বদলি করল নির্বাচন কমিশন।
অরুণিমা কর্মকার, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১০:৩৮

রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার, জেলা পুলিশের সুপারদের বদলি করেছে নির্বাচন কমিশন। এ বার রাজ‍্যে পুলিশের অধীনস্থ থানার আইসি এবং ওসিদের বদলি করে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের অধীনস্থ থানারগুলির থানার ওসিদের বদলি করে দেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশিকা অনুযায়ী, রাজ‍্য পুলিশের মোট ১৪২ জন থানার আইসি এবং ওসিদের বদলি করে দেওয়া হয়েছে। যাঁরা থানার আইসি হয়েছেন তাঁরা সবাই ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। যাঁরা থানার ওসি হয়েছেন তাঁরা সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। এর মধ‍্যে গুরুত্বপূর্ণ বাংলাদেশ সীমান্ত লাগোয়া থানাগুলি। দিনহাটা থানার আইসি হয়েছেন বুধাদিত‍্য রায়। তিনি এর আগে জলপাইগুড়ির ডিআইবিতে ছিলেন। ঘোকসাড়াঙার ওসি হয়েছেন শেখ রিয়াজ উদ্দিন। তিনি আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। ইসলামপুর থানার আইসি হয়েছেন কেশব বরাল। তিনি এর আগে রাজ্য পুলিশের আইবিতে কর্মরত ছিলেন।

এ ছাড়াও, কলকাতা পুলিশের মোট ৩১টি থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁরা সবাই ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। গত কয়েক দিন ধরে উত্তপ্ত হয়েছে ভাঙড়। সেখানে নতুন ওসি আনা হয়েছে। ভাঙড়ের নতুন ওসি হয়েছেন দেবকুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বেশ কয়েক বছর ধরে পুলিশ ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন। কালিঘাট থানার ওসি করা হয়েছে উৎপলকুমার ঘোষকে। তিনিও বেশ কয়েক বছর ধরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে ভবানীপুর থানার এক আধিকারিকের বিরুদ্ধে বিজেপি কর্মীকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। ভবানীপুর থানার ওসি বোধিসত্ত্ব প্রামাণিককে সরিয়ে দেওয়ার হয়েছে। নতুন ওসি হয়েছেন সৌমিত্র বসু। তিনি কলকাতা পুলিশের এসটিএফের কর্মরত ছিলেন। পার্কস্ট্রিট থানার ওসি হিরক দলপতিকে সরিয়ে নিরুপম নাথকে নিয়ে আসা হয়েছে। জোড়াসাঁকো থানার ওসি জয়ঙ্ক মিদ‍্যাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরম মোট ৩১ জনের বদলিতে সিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন।

গত কয়েক বছর ধরে থানার দায়িত্বে থাকা ওসি, আইসিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে বিজেপি-সহ একাধিক রাজনৈতিক দল। একসঙ্গে একাধিক আধিকারিকদের বদলি নিয়ে কমিশনের এক আধিকারিক জানান, শান্তিপূর্ণ, স্বচ্ছ নির্বাচন করাতেই এই বদলি করা হয়েছে। নির্বাচনের কাজে যাতে কোনও পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন।


Share