Special Intensive Rivision

জোকার আইআইএমে খোলা হতে পারে ট্রাইব্যুনাল, প্রতিদিন একটি করে তালিকা প্রকাশের ভাবনা নির্বাচন কমিশনের

এর আগে ট্রাইব্যুনালের জন্য জুডিশিয়াল অফিসাররা নিউটাউনের জুডিশিয়াল অ্যাকাডেমি, হিডকোর অফিস এবং সল্টলেক স্টেডিয়াম এই তিনটি জায়গা পরিদর্শন করেছিলেন। তবে কোনও জায়গাই তাঁদের উপযুক্ত মনে হয়নি।

আইআইএম জোকা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১২:১৪

ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিনের টালবাহানা ও আইনি জট কাটাতে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রের খবর, ভোটার তালিকার সংশোধনী বা ‘সাপ্লিমেন্টারি’ তালিকা প্রকাশের প্রচলিত নিয়মে বড় পরিবর্তন আনা হচ্ছে। এতদিন এই তালিকা সাধারণত শুক্রবার প্রকাশ করার কথা স্থির ছিল। কিন্তু এখন কাজের গতি বাড়াতে কমিশন প্রতিদিন অথবা একদিন অন্তর এই তালিকা প্রকাশ করার কথা ভাবছে।

ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্য জোকায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট'কে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে। সেখানে ১৯ জন বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করা হয়েছে। ওই অফিসাররা যখনই ই-সাইন করে কোনও ফাইল ছাড়বেন, সঙ্গে সঙ্গেই সংশোধিত তালিকা প্রকাশ করা হবে। নির্দিষ্ট দিনের জন্য আর অপেক্ষা করতে হবে না। এখনও পর্যন্ত প্রায় ৪০ থেকে ৪২ লক্ষ আবেদনের নিষ্পত্তি হয়েছে বলেও কমিশন সূত্রে খবর।

এর আগে ট্রাইব্যুনালের জন্য বিচারবিভাগীয় আধিকারিকেরা নিউটাউনের জুডিশিয়াল অ্যাকাডেমি, হিডকোর অফিস এবং সল্টলেক স্টেডিয়াম এই তিনটি জায়গা পরিদর্শন করেছিলেন। তবে কোনও জায়গাই তাঁদের উপযুক্ত মনে হয়নি। সেই কারণেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে দেরি হয়। পরে জানা যায়, জোকায় কেন্দ্রীয় সরকারের একটি দফতর ট্রাইব্যুনালের জন্য প্রাথমিক ভাবে তাঁদের পছন্দ হয়েছে।

দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নির্বাচন কমিশন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকেই জোর দিচ্ছে। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের প্রান্তিক এলাকার বাসিন্দাদের আর সশরীরে শুনানিতে হাজির হতে হবে না। জেলাশাসকদের মাধ্যমে প্রয়োজনীয় নথি স্ক্যান করে সরাসরি বিচারবিভাগীয় আধিকারিকের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এমনকী, সাধারণ মানুষ অনলাইনের মাধ্যমেও নিজেদের বক্তব্য বা আবেদন জানাতে পারবেন। যদিও এই বিষয়ে কলকাতা হাই কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, নির্বাচন কমিশন তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। কারণ প্রতিকার পাওয়ার জন্য রাজ্যের ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে এসআইআরের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল। তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সামনে আসে তৃতীয় তালিকা। এর পর রবিবার রাতে প্রকাশ পায় চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় দু'লক্ষ ১০ হাজার ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। যাঁদের নাম এখনও তালিকা থেকে বাদ রয়েছে, তাঁরা এবার ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন।


Share