Amit Shah

অমিত শাহকে কালো পতাকা তৃণমূল কর্মীদের, মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার গলিতে দু’পক্ষের হাতাহাতি

মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, “এটাই তৃণমূলের কালচার। তৃণমূল কোনও রাজনৈতিক দলের পর্যায়ে পড়ে না। সারা বিশ্বের মানুষ দেখছে। ১৫ বছর ভবানীপুরের মানুষ এটাই দেখছে।”

অমিত শাহকে দেখে কালো পতাকা তৃণমূল কর্মীদের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০৫:০৫

ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র দাখিলের কার্যক্রমে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় কালো পতাকা দেখান কয়েক জন তৃণমূল কর্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে ঢোকার মুখেই ঘটনাটি ঘটেছে। যার জেরে বেশ কিছু ক্ষণ উত্তেজনা ছড়ায়।

বৃহস্পতিবার সকাল ১২টা নাগাদ হাজরা মোড় থেকে নির্ধারিত সময় অনুযায়ী রোড শো শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বিরোধী দলনেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো শুরু হয়।

এক কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করে বিজেপির রথ যাওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার গলির সামনে কয়েক জন তৃণমূল কর্মী দলীয় পতাকা হাতে নিয়ে ‘চোর চোর’ স্লোগান তোলেন। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা স্লোগান দেয় বিজেপির কর্মীরা। জুতো ছোড়াছুড়ি বেধে যায়। এক তৃণমূল কর্মীকে চড় মারারও অভিযোগ ওঠে। বিজেপির পাল্টা অভিযোগ, তাঁদেরকেও মারধর করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গন্ডগোলের জেরে কেন্দ্রীয় মন্ত্রীর রথ মুখ‍্যমন্ত্রীর বাড়ির গলির কিছুটা আগেই থামিয়ে দেওয়া হয়। সেখান থেকে সড়ক পথে শুভেন্দু অধিকারীর-সহ বাকি বিজেপি প্রার্থীকে নিয়ে সার্ভে বিল্ডিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। রাজ্যের বিরোধী দলনেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র দাখিল করেন। তার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেন।

ঘটনায় মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, “এটাই তৃণমূলের কালচার। তৃণমূল কোনও রাজনৈতিক দলের পর্যায়ে পড়ে না। সারা বিশ্বের মানুষ দেখছে। ১৫ বছর ভবানীপুরের মানুষ এটাই দেখছে।”


Share