Assembly Election

আরামবাগে মনোনয়ন ঘিরে তীব্র বিশৃঙ্খলা! উত্তপ্ত মহাকুমাশাসকের কার্যালয় চত্বর

সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ স্পষ্ট। অফিসযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সবাই পড়েন চরম সমস্যায়। ফলে প্রশ্ন আরও জোরালো হচ্ছে—এভাবে কি চলবে নির্বাচন প্রক্রিয়া? প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও উঠছে বড় প্রশ্নচিহ্ন।

আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে বিশৃঙ্খলা।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ
  • শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০৬:৩০

আরামবাগ মহকুমায় মনোনয়ন জমা দেওয়ার দিনেই অশান্তি। প্রশাসনিক ব্যর্থতার জেরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত অচল হয়ে গেলে। পূর্ব কর্মসূচি অনুযায়ী, আরামবাগের বিজেপির প্রার্থী হেমন্ত বাগ, পুড়শুড়া বিধানসভার বিজেপি প্রার্থী বিমান ঘোষ-সহ আরও চারজন প্রার্থী বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে এসেছিলেন। ঠিক তখনই ঘটে এই ঘটনা। 

মহকুমা শাসক কার্যালয়ের চত্বরে প্রার্থীরা পৌঁছতেই তীব্র যানজট শুরু হয়। গাড়ির দীর্ঘ লাইন, রাস্তায় নাজেহাল সাধারণ মানুষ সব মিলিয়ে চরম দুর্ভোগের ছবি ধরা পড়ে। প্রশ্ন উঠছে, প্রশাসন কি আগে থেকে প্রস্তুত ছিল না? নাকি সব জেনেও ইচ্ছাকৃত ভাবে এই পরিস্থিতি তৈরি হতে দেওয়া হলো? 

ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই যথাযথ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই নয় পুলিশ মোতায়েন থাকলেও কার্যত কোনও নিয়ন্ত্রণই চোখে পড়েনি।

এই বিশৃঙ্খলার মধ্যেই পড়তে হয় মনোনীত প্রার্থী ও বিদায়ী বিধায়কদের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে দেখা যায় তাঁদের নিরাপত্তারক্ষীদেরও। প্রার্থীদের একাংশ সরাসরি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, “যখন আগে থেকেই সব জানা ছিল, তখন কেন এই বিশৃঙ্খলা? এটা কি নিছক গাফিলতি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে?”

সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ স্পষ্ট। অফিসযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সবাই পড়েন চরম সমস্যায়। ফলে প্রশ্ন আরও জোরালো হচ্ছে—এভাবে কি চলবে নির্বাচন প্রক্রিয়া? প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও উঠছে বড় প্রশ্নচিহ্ন।

মনোনয়ন পর্বের দিনেই এমন চিত্র সামনে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এখন দেখার, এই ঘটনার পর প্রশাসন কী পদক্ষেপ নেয় এবং আদৌ পরিস্থিতির উন্নতি হয় কিনা।


Share