Mysterious Death

ভিনরাজ্যে বাঙালি ব্যবসায়ীর রহস্যমৃত্যু, কালনায় ফিরল দেহ, অংশীদারদের বিরুদ্ধে অভিযোগ

ব্যবসার আর্থিক লেনদেন ও হিসাবনিকাশ নিয়েই অংশীদারদের সঙ্গে সমস্যা তৈরি হয়েছিল বলে সন্দেহ পরিবারের।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কালনা
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৬:১৩

ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু বাঙালি ব্যবসায়ীর। এবার মহারাষ্ট্রে নাগরদোলা ব্যবসাকে কেন্দ্র করে অংশীদারদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠল। পূর্ব বর্ধমানের কালনায় এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে। মৃতদেহ রবিবার এলাকায় পৌঁছোয়। পরপরই পরিবারের সদস্য ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনায় ইতিমধ্যেই কালনা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।

মৃত ব্যবসায়ীর নাম অভিজিৎ কর (৫৪)। তিনি কালনা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দরপাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজ্যে নাগরদোলার ব্যবসার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের অমরাবতীতে অভিজিৎবাবু একটি মেলার কাজে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে আরও কয়েকজন ব্যবসায়িক অংশীদারও ছিলেন।

অভিযোগ, গত বৃহস্পতিবার ব্যবসায়িক বিষয় নিয়ে বিবাদের জেরে অভিজিৎ করের উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেটে কোপ মারা হয় বলে দাবি পরিবারের। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃতের ছেলে শ্রবণ কর জানান, প্রায় চার দশক ধরে তাঁর বাবা নাগরদোলার ব্যবসা করতেন। পরিবারের দাবি, তাঁদের মোট ১৬টি নাগরদোলা রয়েছে। বিভিন্ন প্রদর্শনীর জন্য তাঁরা মাঠও ভাড়া নিতেন। ব্যবসার আর্থিক লেনদেন ও হিসাবনিকাশ নিয়েই অংশীদারদের সঙ্গে সমস্যা তৈরি হয়েছিল বলে সন্দেহ পরিবারের।

ঘটনার পর থেকেই অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে পরিবারের সদস্যরা সরব হয়েছেন। ভিনরাজ্যে বাঙালি ব্যবসায়ীর এই রহস্যমৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


Share