Train Disruption

পশ্চিম মেদিনীপুরে লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ি, ব্যাহত দূরপাল্লার ট্রেন চলাচল

ক্ষতিগ্রস্ত হয়েছে মিডল ও ডাউন লাইন, ফলে একাধিক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আপ লাইনে অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ি
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১১

পশ্চিম মেদিনীপুরে লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ি। রবিবার বিকেলে বেনাপুর ও নারায়ণগড়ের মাঝামাঝি রামপুরা এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে খড়্গপুরের দিকে মালগাড়িটি আসছিল। বিকেল ৪টে নাগাদ রামপুরার কাছে আচমকাই ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। বগিগুলি লাইন থেকে ছিটকে পড়ে। ছড়িয়ে পড়ে কয়লাও।

এই দুর্ঘটনার কারণে মিডল এবং ডাউন লাইনে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে ওড়িশা এবং খড়্গপুর হয়ে হাওড়ার দিকে আসা একাধিক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তবে আপ লাইনে কোনও ক্ষতি হয়নি। ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে খড়্গপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। রেলের আধিকারিকেরাও ঘটনাস্থলে গিয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যেই রেল পুলিশ, জিআরপিএস এবং নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।


Share