Cow Smuggling

রাজ্যের দুই জেলায় ফের গরু পাচারের অভিযোগ, উদ্ধার বহু গরু-বলদ, ঘটনায় আটক একাধিক জন

রাজ্যের দুই জেলায় ফের সামনে এল গরু পাচারের অভিযোগ। পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে পৃথক তিনটি ঘটনায় বহু গরু ও বলদ উদ্ধার করেছে পুলিশ। কাটোয়ায় পাচারকারী সন্দেহে কয়েক জনকে মারধরের অভিযোগও উঠেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০১:৫৭

রাজ্যের দুই জেলায় ফের গরু পাচারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। পূর্ব বর্ধমানে দু’টি এবং পশ্চিম মেদিনীপুরে একটি ঘটনায় একাধিক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। এর মধ্যে কাটোয়ায় পাচারকারী সন্দেহে কয়েক জনকে গণপিটুনির অভিযোগও উঠেছে।

মঙ্গলবার ভোরে পূর্ব বর্ধমানের বর্ধমান থানার পুলিশ ১১ জোড়া বলদ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে করে বলদগুলো জিটি রোড ধরে কাটোয়া ওভারব্রিজের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্দেহ হওয়ায় গাড়িটি আটক করা হয়।পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। গাড়িতে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় তাঁরা বলদের মালিকানা সংক্রান্ত বৈধ কোনও নথি দেখাতে পারেননি। ধৃতদের নাম শেখ রফিকুল ইসলাম এবং মিন্টু শেখ। প্রথম জনের বাড়ি কাটোয়া থানার শ্রীখণ্ড এলাকায়। দ্বিতীয় জন পূর্বস্থলী থানার নওপাড়ার বাসিন্দা।

 পুলিশের প্রাথমিক অনুমান, বলদগুলো পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে বলদ এনে কাটোয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। মঙ্গলবার তাঁদের বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। অভিযুক্তদের বিচারক বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৮ মে তাঁদের ফের আদালতে হাজির করানো হবে।

অন্যদিকে, একই দিনে কাটোয়া শহরের মাধাইতলা এলাকায় গরু পাচারের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, ভাগীরথী নদী পার করে গরু পাচারের অভিযোগে চার জনকে আটক করেন বিজেপি ও বজরং দলের কর্মী-সমর্থকেরা। অভিযোগ, ওই চার জনকে মারধরও করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। তারা অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা গিয়েছে, কাটোয়ার পানুহাট এলাকা থেকে পাঁচটি গরু নিয়ে ওই চার ব্যক্তি ভাগীরথীর ঘাটের দিকে যাচ্ছিলেন। বিজেপি নেতা-কর্মীদের দাবি, নদিয়া হয়ে বাংলাদেশে গরু পাচারের পরিকল্পনা ছিল। অভিযুক্তদের কাছে গরুর বৈধ কাগজপত্র চাওয়া হলে তা দেখাতে পারেননি বলেও অভিযোগ। বিজেপির আরও দাবি, কাটোয়ার ভাগীরথীর একাধিক ফেরিঘাট দীর্ঘদিন ধরেই গরু পাচারের ‘সেফ করিডর’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। উদ্ধার হওয়া পাঁচটি গরু আপাতত পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সোনাকোনিয়া নাকা চেকপোস্ট এলাকাতেও গরুভর্তি একটি কন্টেনার আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মালবাহী কনটেনারটি ওড়িশা থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল। তল্লাশি চালিয়ে তার ভিতর থেকে ৩৩টি গরু উদ্ধার হয়। ঘটনায় কন্টেনারের চালককে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে দাঁতন থানার পুলিশ।


Share