Tea gardens reopen in Dooars

ডুয়ার্সে ফের সবুজ আশার হাওয়া, রাজ্যের উদ্যোগে খুলছে তিন চা-বাগান

রাজ্যের উদ্যোগে খুলছে ডুয়ার্সের তিনটি বন্ধ চা-বাগান—রেড ব্যাঙ্ক, সুরেন্দ্রনগর ও ধরণীপুর। ১৭ নভেম্বর থেকে কাজ শুরু হবে। ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাসও দেওয়া হবে। শ্রমিকদের মুখে ফের হাসি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত পদক্ষেপে কৃতজ্ঞতা। দলসিং বাগান নিয়েও ১৫ নভেম্বর বৈঠক।

ডুয়ার্সের চা বাগান
নিজস্ব সংবাদদাতা, ডুয়ার্স
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৪:২১

ডুয়ার্সের শ্রমিকদের মুখে ফের হাসি। রাজ্য সরকারের উদ্যোগে পুনরায় খুলে যাচ্ছে তিনটি বন্ধ চা-বাগান — রেড ব্যাঙ্ক, সুরেন্দ্রনগর এবং ধরণীপুর। আসন্ন ১৭ নভেম্বর থেকেই এই বাগানগুলিতে ফের কাজ শুরু হবে বলে শিলিগুড়ির শ্রম দফতরের বিশেষ বৈঠকে জানানো হয়েছে।

দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মালিকপক্ষ, ইউনিয়ন ও রাজ্য সরকারের ত্রিপাক্ষিক বৈঠক সফল হওয়াতেই এই সিদ্ধান্ত সম্ভব হয়েছে। উল্লেখ্য, পুজোর আগে কোনওরকম পূর্বনোটিশ ছাড়াই মালিকপক্ষ হঠাৎই বাগানগুলি বন্ধ করে দেয়, ফলে কয়েকশো শ্রমিক চরম আর্থিক সঙ্কটে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্যোগ নেয় রাজ্য। একাধিক পর্যায়ের বৈঠকের পর অবশেষে শিলিগুড়ির জয়েন্ট লেবার কমিশনারের দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়— ১৭ তারিখ থেকে খুলে যাবে বাগানগুলি। পাশাপাশি বকেয়া বোনাস ও মজুরি শ্রমিকদের হাতে তুলে দেওয়ার আশ্বাস দিয়েছে মালিকপক্ষ।

এই সিদ্ধান্তে উচ্ছ্বাস ছড়িয়েছে শ্রমিক মহলে। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য।

এদিকে, আলিপুরদুয়ারের দলসিং চা-বাগান খোলার বিষয়েও আশার আলো দেখা যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর শ্রম দফতরের উদ্যোগে ওই বাগান নিয়েও বৈঠক ডাকা হয়েছে। প্রশাসনের আশা, এই বৈঠকও ইতিবাচক ফল দেবে।


Share