Cough Syrup Seized

বাংলাদেশে পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, দক্ষিণ দিনাজপুরে কোটি টাকার মাদক-চক্রে গ্রেফতার চারজন

সেই সময় সন্দেহজনক দুটি চার চাকা গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় এক হাজার ৬০০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল জাতীয় কফ সিরাপ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
  • শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০৮:৫১

ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের আগেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বড়সড় মাদক পাচার চক্রের হদিশ পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে পুরাতন মালদহ-বালুরঘাট রাজ্য সড়কের ইন্দ্রনারায়ণপুর এলাকায় নাকা চেকিং চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনায় দুটি চার চাকা গাড়ি-সমেত চার পাচারকারীকে গ্রেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। সোমবার ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে দুটি গাড়িতে করে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে বলে খবর পায় গঙ্গারামপুর থানার পুলিশ। এরপরই ইন্দ্রনারায়ণপুর এলাকায় কড়া নাকা চেকিং শুরু হয়। সেই সময় সন্দেহজনক দুটি চার চাকা গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় এক হাজার ৬০০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল জাতীয় কফ সিরাপ। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য চার লক্ষ টাকারও বেশি বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি দুটি গাড়ি, চারটি মোবাইল ফোন এবং একাধিক গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করা হয়েছে।

ধৃতদের নাম শিবা চৌধুরী (৩৪), লিটন সরকার (৩১), স্বরাজ মণ্ডল (৩৬) এবং অমিত মণ্ডল (৪৩)। তাঁদের মধ্যে প্রথম তিনজন গঙ্গারামপুর থানা এলাকার বাসিন্দা। অমিত মণ্ডলের বাড়ি তপন থানা এলাকায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ কফ সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। এই আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।


Share