Metro Update

পালাবদলের পরেই চিংড়িঘাটা মেট্রো লাইন জোড়ার কাজ শুরু! যান চলাচল নিয়ন্ত্রণের সম্মত হল কলকাতা পুলিশ

ভোটের পর মে মাসের মোট দু'টি উইকএন্ডে যানবাহন নিয়ন্ত্রণ করতে সম্মত হয়েছিল কলকাতা পুলিশ। ভোট শেষ হয়েছে। ফলে সেই কাজে এবার হাত দেওয়া হবে। ১৫ তারিখ থেকে চিংড়িঘাটায় কাজ শুরু হবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১২:৪৩

তৃণমূল অতীত। সরকার গঠনের পথে বিজেপি। রাজ্যে পালাবদল হতেই কলকাতাবাসীর যাতায়াত আরও সহজ হতে চলেছে। আগামী সপ্তাহে চিংড়িঘাটায় মেট্রোর লাইন সংযোগ করার কাজ জোরকদমে শুরু হতে চলেছে। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্য সংঘাতের কারণে এই কাজ এই কাজ আটকে ছিল। এই সংক্রান্ত বিষয়ে আদালতে মামলাও চলছিল। অবশেষে ৩৬৬ মিটার মেট্রোর লাইন জুড়তে যান নিয়ন্ত্রণে রাজি হল কলকাতা পুলিশ। 

ভোটের পর মে মাসের মোট দু'টি উইকএন্ডে যানবাহন নিয়ন্ত্রণ করতে সম্মত হয়েছিল কলকাতা পুলিশ। ভোট শেষ হয়েছে। ফলে সেই কাজে এ বার হাত দেওয়া হবে। জানা গিয়েছে, ১৫ তারিখ থেকে চিংড়িঘাটায় কাজ শুরু হবে। কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় আসার পর শহরের মেট্রো ও রেল প্রকল্পে গতি আসতে পারে বলে আশাবাদী আধিকারিকেরা।

বহুদিন ধরে আটকে থাকা বা ধীরগতির প্রকল্পগুলির তালিকা তৈরি করা হচ্ছে, যেগুলো এখন দ্রুত শেষ করা বা নতুন করে শুরু করা সম্ভব। আগের সরকারের সঙ্গে সমন্বয়ের অভাবই কলকাতায় মেট্রো সম্প্রসারণের প্রধান বাধা ছিল বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিশেষ করে অরেঞ্জ লাইনের চিংড়িঘাটা অংশে জমি ও কাজের সমস্যা এবার মিটতে পারে। ১৫-১৮ মে ও ২২-২৪ মে যান নিয়ন্ত্রণ করে চিংড়িঘাটায় চলবে লাইন জোড়ার কাজ। বাইপাসে যান নিয়ন্ত্রণ করতে হবে, এ কথা আগেই জানানো হয়েছিল। তবে পুলিশের তরফ থেকে পাওয়া যাচ্ছিল না যান নিয়ন্ত্রণের অনুমতি।

বাইপাস এমন একটা রাস্তা, যেখানে সারা বছর যানবাহনের চাপ থাকে। সেই কারণেই এই রাস্তায় যান নিয়ন্ত্রণ করা কঠিন বলে জানিয়েছিল কলকাতা পুলিশ। তবে হাই কোর্টে সরকারকে ভর্ৎসনার পর কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছিল। তৃণমূল পরিচালিত সরকারের জেদে তার পরেও কাজ চালু করা যায়নি। অবশেষে যান নিয়ন্ত্রণে সম্মত হল কলকাতা পুলিশ। আর মেট্রোও জানিয়েছে, এ বার কাজ দ্রুত এগোবে। আর কাজ করতে কোনও সমস্যা নেই।

এই অংশটুকু জুড়ে গেলে নিউ গড়িয়া-এয়ারপোর্ট জুড়তে আর সময় লাগবে না। এ ছাড়া, পার্পল লাইন (জোকা-এসপ্ল্যানেড) নিয়েও আশাবাদী কর্তৃপক্ষ। এসপ্ল্যানেডের কাছে বি.সি. রায় মার্কেটে ব্যবসায়ীরা জায়গা ছাড়তে না চাওয়ায় কাজ আটকে ছিল। এখন সমস্যার সমাধান হলে এই লাইন বেহালার মানুষের জন্য বড় সুবিধা হবে। বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত এই লাইন চালু। ইয়েলো লাইন (নোয়াপাড়া-বারাসাত) প্রকল্পও নতুন করে গতি পেতে পারে। মাইকেল নগর পর্যন্ত কাজ এগোচ্ছে। আর বারাসত পর্যন্ত ভূগর্ভস্থ সম্প্রসারণের প্রস্তাব রয়েছে। আরও কয়েকটি প্রকল্প, যেগুলো অর্থাভাবে আটকে ছিল, সেগুলিও এখন এগোতে পারে।


Share