Mid Day Meal

পার্ক ইনস্টিটিউশনের ২৪ জন ছাত্রী অসুস্থ, দুপুর থেকে একে একে নিয়ে আসা হল হাসপাতালে, যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী

রাজ‍্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, “সবটা জানি শুনেছি। বাচ্চারা খুব অসুস্থ হয়ে পড়েছে। সবাই আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি হাসপাতালে যাচ্ছি। সেখানে দেখে সবটা বুঝেতে হবে। তার পরেই এ নিয়ে কথা বলা যাবে। এখনই কিছু বলতে পারছিনা।"

নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ আগস্ট ২০২৬ ১১:৫৪

উত্তর কলকাতার পার্ক ইনস্টিটিউশন বালিকা বিদ্যালয়ের ২৪ জন ছাত্রীর অসুস্থ হওয়ার খবর মিলেছে। সোমবার দুপুর থেকে তাঁদের একে একে হাসপাতালে আনা হয়েছে। সবাইকে আরজি কর হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে যাচ্ছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ‍্যের শিল্পমন্ত্রী তাপস রায়। 

সূত্রের খবর, সোমবার দুপুর ২টো থেকে দেশবন্ধু পার্কের ওই স্কুলের কয়েক জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাঁদের দ্রুত নিকটবর্তী আরজি কর হাসপাতালে আনা হয়। সন্ধ‍্যা ৬টা পর্যন্ত সেই সংখ্যাটা আরও বাড়তে থাকে। হাসপাতাল সূত্রের খবর, এখনও পর্যন্ত মোট ২৪ জন ছাত্রীকে আরজি কর হাসপাতালে আনা হয়েছে। তাঁদের সবারই জ্বর, পেটে ব্যথা, বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট দেখা দিয়েছে। কিছু ছাত্রীকে অক্সিজেন দিতে হয়েছে বলেও জানা গিয়েছে।

জানা গিয়েছে, এ দিন দুপুরে ছাত্রীদের মিড-ডে মিলের খাবার দেওয়া হয়েছিল। অসুস্থ হওয়া ছাত্রীদের মধ্যে বেশিরভাগই আবাসিক হোস্টেলে থাকে। তার পরেই একে একে অসুস্থ হওয়ার ঘটনা সামনে আসে। যদিও মিড-ডে মিলের উদ‍্যোক্তাদের দাবি, যদি মিড-ডে মিলের খাবার থেকেই এমন ঘটনা হয়ে থাকে তাহলে এই সংখ‍্যাটা আরও বেশি হতে পারত। কিন্তু তা হয়নি বলেই দাবি করা হয়। যদিও চিকিৎসকেরা প্রাথমিক ভাবে মনে করছেন, এই ঘটনা গণ হিস্ট্রিয়ার জন‍্য হতে পারে।

এই বিষয়ে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় বলছেন, “আমি বাচ্চাদের দেখে এসেছি। অভিভাবিকাদের সঙ্গে কথা বলেছি। বাচ্চাদের সঙ্গেও কথা বলেছি। পুলিশ ও চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছি। এখন সবাই বিপদসীমার বাইরে রয়েছে। মোট ২৪ জন ভর্তি হয়েছে। তবে এখন এমার্জেন্সি থেকে ওয়ার্ডেও নেওয়া হচ্ছে। তবে কোনও চিন্তার কিছু নেই।” 

মিড-ডে মিলের খাবার খেয়ে এমন ঘটনা ঘটেছে কি না তা বোঝা যাচ্ছে না বলেই তাপস রায় জানিয়েছেন। তিনি আরও বলেন, “ওরা আলাদা আলাদা বিভিন্ন রমকের খাওয়ার খেয়ে থাকতে পারে। তাই ঠিক কেন এমনটা হল এখনই বলা সম্ভব নয়।”

রাজ‍্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, “সবটা জানি শুনেছি। বাচ্চারা খুব অসুস্থ হয়ে পড়েছে। সবাই আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি হাসপাতালে যাচ্ছি। সেখানে দেখে সবটা বুঝেতে হবে। তার পরেই এ নিয়ে কথা বলা যাবে। এখনই কিছু বলতে পারছিনা।"


Share