TMC

অবৈধ দোকানদারের পাশে তৃণমূল, সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ জানাবে বিরোধী দল

বিগত কয়েক বছর ধরে এই সমস্ত এলাকায় হকারদের দৌরাত্ম্য বেড়েছে। অভিযোগ, তৃণমূল জমানায় টাকা নিয়ে স্থানীয় নেতারা হকারদের বসার জায়গা করে দিয়েছে। এর ফলে দিনের পর দিন পথচারীদের যাতায়াতের অসুবিধা হয়েছে।

হাওড়ায় হকার উচ্ছেদ।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৯:০৮

রাজ‍্যের যেখানে সেখানে রাস্তা দখল করে ছড়িয়ে রয়েছে অবৈধ হকার। জনসাধারণের কথা মাথায় রেখে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ বার অবৈধ হকারদের উচ্ছেদ করা যাবে না বলে প্রতিবাদে নামছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, হকার উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে আগামী ২১ মে তাঁরা কলকাতা, হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে বিক্ষোভ দেখাবে।

নতুন সরকার ক্ষমতায় আসতেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত নেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সে কথা জানান। সেই মতো শুরু হয় অভিযান। শিয়ালদহ স্টেশনের ভিতরে থাকা সমস্ত অবৈধ হকারদের চিহ্নিত করে তাদের উচ্ছেদ করে দেওয়া হয়। তারপরে শিয়ালদহ স্টেশনের বাইরে পথচলতি রাস্তা দখল করে হকারদের উচ্ছেদ করে পণ‍্যসামগ্রী গাড়ি করে তুলে নিয়ে যায়। ওই দিন রাতেই হাওড়া স্টেশনের বাইরে থাকা অবৈধ হকার উচ্ছেদের অভিযান চলে। অবৈধ ভাবে জাঁকিয়ে বসা এই হকারদের অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার নামে।

বিগত কয়েক বছর ধরে এই সমস্ত এলাকায় হকারদের দৌরাত্ম্য বেড়েছে। অভিযোগ, তৃণমূল জমানায় টাকা নিয়ে স্থানীয় নেতারা হকারদের বসার জায়গা করে দিয়েছে। এর ফলে দিনের পর দিন পথচারীদের যাতায়াতের অসুবিধা হয়েছে। সরকার বদল হতেই বৃহত্তর জনস্বার্থে এই অবৈধ হকারদের উচ্ছেদের শুরু করেছে।

এই সব হকারদের অবিলম্বে রাখতে হবে বলে দাবি করেছে তৃণমূল। এ ভাবে তাদেরকে উচ্ছেদ করা যাবে না বলেও তৃণমূল দাবি করেছে। এই অবৈধ হকারদের উচ্ছেদের প্রতিবাদে এ বার প্রতিবাদে নামতে চলেছে বিরোধী দল তৃণমূল। আগামী ২১ মে, বৃহস্পতিবার সরকার বিরোধী আন্দোলনে নামছে তৃণমূল নেতৃত্ব। বালিগঞ্জ, শিয়ালদহ এবং হাওড়ায় এই সমস্ত হকারদের হয়ে প্রতিবাদ জানাবেন তাঁরা।


Share