Susmita Dev

রাজ‍্যসভার পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব, ত‍্যাগ করলেন তৃণমূল, বিজেপি যোগ দেওয়ার জল্পনা

সুস্মিতা দেবের রাজনৈতিক ক্ষেত্র আদতে অসমে। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন‍্যা। তিনি অসমের শিলচরের কংগ্রেসের সাংসদ ছিলেন। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন। ২০২১ সালে সুস্মিতা তৃণমূলে যোগ দেন।

রাজ‍্যসভার পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ০১:৩৯

সুখেন্দুশেখর রায়ের পরে তৃণমূলের রাজ‍্যসভার আসন থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। কেবল মাত্র রাজ‍্যসভার পদ থেকেই নয়, তৃণমূলের সদস্যপদও ছাড়লেন তিনি। রাজ‍্যসভার থেকে ইস্তফাপত্র ইতিমধ্যেই তিনি চ‍েয়ারম‍্যানের কাছে পাঠিয়ে দিয়েছেন। রাজ‍্যসভায় তৃণমূলের সংখ‍্যা ছিল ১৩ জন। সুখেন্দুশেখর এবং সুস্মিতা ছাড়ার পরে তা কমে দাঁড়িয়েছে ১১ জনে। বুধবার তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠক করেছেন। এরপর থেকেই সুস্মিতার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে উঠেছে। 

সুস্মিতা দেবের রাজনৈতিক ক্ষেত্র আদতে অসমে। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন‍্যা। তিনি অসমের শিলচরের কংগ্রেসের সাংসদ ছিলেন। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন। ২০২১ সালে সুস্মিতা তৃণমূলে যোগ দেন। অসম-সহ উত্তর-পূর্ব ভারতে সংগঠন বাড়ানোর দায়িত্ব ছিল তাঁর। 

গত ২০২১ সালে মানসরঞ্জন ভুঁইয়া রাজ‍্যের মন্ত্রী হওয়ার পরে তাঁর ছেড়ে যাওয়া আসনে অসম থেকে সুস্মিতা দেবকে নিয়ে এসে পশ্চিমবঙ্গ থেকে রাজ‍্যসভায় পাঠায়। সে বারে তাঁর ভাঙা আসনে সামিরুল ইসলামকে তৃণমূল রাজ‍্যসভায় পাঠায়। শান্তনু সেনের মেয়াদ শেষ হওয়ার পরে ২০২৪ সালের এপ্রিল মাসে আবার সুস্মিতা দেবকে রাজ‍্যসভায় পাঠানো হয়। ২০৩০ সাল পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার চার বছর আগেই তিনি ইস্তফা দিয়ে দিয়ে দিলেন।

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে সুস্মিতা বলেন, “এখন তিনি মুক্ত এবং স্বাধীন।” তবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কিছু ভাবেননি বলে জানান সুস্মিতা। সুস্মিতা এ-ও জানান যে, তিনি আদতে অসমের রাজনীতিক। তবু রাজ্যসভায় পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান তিনি। তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অবশ্য মুখ খুলতে চাননি সুস্মিতা। অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা, বহু দিনের পরিচয়ের সুবাদেই হিমন্তের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।


Share